সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার প্রধান আসামি আসিফ ইমরান ঢাকার একটি আদালত থেকে পালিয়েছেন। গতকাল বুধবার তিনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পরপরই ওই ঘটনা ঘটে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া জানান, জামিনের আবেদন নামঞ্জুর করার পরপরই আসামি ইমরান আদালত কক্ষ থেকে বের হন। আদেশের বিষয়টি আদালত কক্ষের বাইরে উপস্থিত পুলিশ বুঝতে না পারায় ইমরান সহজেই পালিয়ে যান।আদালত সূত্র জানায়, গৌতম হত্যা মামলায় আসামি ইমরান জামিনে মুক্তি পেয়ে ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গতকাল আদালতে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। আইনজীবী নজরুল ইসলাম সরদার ইমরানের পক্ষে জামিনের আবেদন করেন। বিচারক ঋষিকেশ সাহা আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই আইনজীবী এ মামলার আরেক আসামি কারাগারে বন্দী আসিফ ইমতিয়াজ ওরফে বুলুর পক্ষে জামিনের আবেদন করেন।