আদালত দেশ চালাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আদালতই দেশ চালাচ্ছেন’—এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সরকারের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। আমার দেশ পত্রিকার ‘সাংবাদিক অলিউল্লাহ নোমানের স্বেচ্ছায় কারাবরণের বার্ষিকী’ উপলক্ষে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন ওই সভার আয়োজন করে।মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আশা ছিল, শেষ আশ্রয়স্থল হিসেবে আদালতে আমরা ন্যায়বিচার পাব। বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা ছিল। কিন্তু সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বিচার বিভাগকে এমন অবস্থায় নিয়ে গেছেন, এখন সংবিধান সংশোধন, শহীদ মিনারে কে কে যাবে, কে যাবে না, দেশে মাঠ থাকবে কি না, নদী থাকবে কি না—সবই আদালত ঠিক করে দিচ্ছেন।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ১৯৭৩-৭৪ সালে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এখনো সে রকম হচ্ছে। সমাজে অস্থিরতা, সরকারের মধ্যে অস্থিরতা। তিনি প্রশ্ন করেন, এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এত বলিষ্ঠ সরকার এখন এত দুর্বল কেন? মহাজোট সরকারের মন্ত্রীদের সমালোচনা করে মওদুদ বলেন, তাঁদের মধ্যে যে সমন্বয়হীনতা, কথাবার্তায় ভারসাম্যহীনতা, তাতে মনে হয় তাঁদের শক্তি নিঃশেষ হয়ে এসেছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের সাম্প্রতিক এক মন্তব্য প্রসঙ্গে মওদুদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে শুনে আমরা শঙ্কিত। কারা ষড়যন্ত্র করছে, তাদের খুঁজে বের করুন। কারণ, আমরা ভীত। আমরা এমন ঘটনা চাই না। আর যদি খুঁজে বের করতে না পারেন, তাহলে ধরে নেব আপনাদের ভেতরেই ষড়যন্ত্র হচ্ছে।’ মহাজোট সরকার মহা দুর্নীতি করছে, এমন অভিযোগ করে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত তারা মিডিয়াকে শত্রু মনে করছে। মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে।’ এ ‘যুদ্ধ’ প্রত্যাহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত মিডিয়ারই জয় হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।