আদালত নয়, সাংসদের আদেশ মানল পুলিশ!
উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে রাজশাহীতে মোটর গ্যারেজের জায়গা দখলে একটি প্রভাবশালী মহলকে পুলিশ সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে।গত বুধবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিউ মেট্রো অটোমোবাইল নামের ওই গ্যারেজের স্বত্বাধিকারী নগরের হেতেমখাঁ সবজিপাড়া এলাকার বাসিন্দা বুলবুল আহমেদ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বুলবুল আহমেদ বলেন, ১৯৮০ সালের ২১ ফেব্রুয়ারি নগরের পিএন গার্লস স্কুলের পূর্ব গেটের সামনের পতিত জমিতে তাঁর বাবা একটি মোটর গ্যারেজ নির্মাণ করেন। নিউ মেট্রো অটোমোবাইল নামের ওই গ্যারেজে দীর্ঘদিন ধরে মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন মেরামত হয়ে আসছিল। কিন্তু ২০০৭ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মো. নূরুন নবী সরকার নামের এক ব্যক্তি জমিটি নিজের বলে দাবি করেন। এরপর বুলবুল আহমেদের বাবা আবদুর রশিদ রাজশাহীর যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা করেন। ওই মামলায় আদালত নূরুন নবী সরকারের পক্ষে রায় দেন। এরপর উচ্চ আদালতে আপিল করা হলে ১ জুন হাইকোর্ট ওই জমির ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১৪ জুন রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর বড় ভাই হাসনাত চৌধুরী ও তাঁর দলবল এবং নূর নবী সরকার ওই গ্যারেজে ঢোকার চেষ্টা করেন।বুলবুল আহমেদ অভিযোগ করেন, এ সময় তাঁরা তাঁকে ও তাঁর বাবাকে হুমকি-ধমকি দেন এবং ভাঙচুরসহ গ্যারেজের মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যান। এ ব্যাপারে বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ওসি জসিম উদ্দিন সেটি নিতে অস্বীকৃতি জানান। উপায়ন্তর না দেখে ২০ জুন তিনি রাজশাহী মহানগর মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগ দেন। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন আছে।বুলবুল আহমেদ আরও অভিযোগ করেন, ২৫ জুন নূরুন নবী সরকার ও হাসনাত চৌধুরী তাঁদের সন্ত্রাসী বাহিনী নিয়ে গ্যারেজের সাইনবোর্ড ভেঙে ফেলেন। ওই দিন বোয়ালিয়া থানার এসআই হাফিজুর রহমান বাদী বুলবুল আহমেদকে মৌখিকভাবে থানায় হাজির হতে বলেন। সেখানে উপস্থিত হয়ে হাইকোর্টের কাগজ দেখাতে চাইলে থানার ওসি জসিম উদ্দিন কাগজগুলো ছুড়ে ফেলে দিয়ে বলেন, ‘ওই গ্যারেজে কেউ অবস্থান করলে তাকে গ্রেপ্তারের জন্য রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী আদেশ করেছেন।’অভিযোগ প্রসঙ্গে বোয়ালিয়া থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘আদালতের নির্দেশের এ রকম কোনো কাগজ পাইনি।’ তিনি দাবি করেন, ‘তাঁরা আমার কাছে আসেননি।’ সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আমার বড় ভাইয়ের শ্যালকের জায়গা ওটা। শ্যালকের ডাকে বড় ভাই যেতেই পারেন।’