আদালত পরিবর্তন চেয়ে খালেদা জিয়ার আবেদনের শুনানি এপ্রিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা অন্য আদালতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি আবেদনের শুনানি পিছিয়েছে। আদালত খোলার পর ১ বা ২ এপ্রিল শুনানির জন্য আবেদন দুটি কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তারিখ দেন।
চলতি মাসের ১৭ থেকে ৩১ তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্টের বসন্তকালীন অবকাশ থাকছে।
৫ মার্চ বিচারপতি মো. রেজাউল হক ও মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আবেদন দুটি ১২ মার্চ শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে দিন ধার্য করেন। গতকাল আবেদন দুটি কার্যতালিকার ১৯ ও ২০ নম্বর ক্রমিকে ছিল। তালিকা অনুসারে বিষয়টি এলে আদালত বলেন, ‘আপনারা বেঞ্চটি দেখছেন। আমরা আজ শুনতে পারব না। আদালত খোলার পর বিষয়টি শুনানির জন্য আসবে।’ তখন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, একটি তারিখ ধার্য করে দেন। আদালত বলেন, রি-ওপেনিংয়ের পর বিষয়টি ১ বা ২ এপ্রিল আসবে।
এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এম বদরুদ্দেজা, জাকির হোসেন ভূইয়া, রাগীব রউফ চৌধুরী, এ কে এম এহসানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান জানান, আদালত ১ এপ্রিল পর্যন্ত আবেদন দুটির শুনানি মুলতবি করেন।
ওই দুই মামলায় বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য ২৮ জানুয়ারি হাইকোর্টে দুটি আবেদন করেন খালেদা জিয়া।
২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে ওই দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারিক আদালত। এরপর ৩ মার্চ আদালত পরিবর্তন চেয়ে করা আবেদন দুটিতে খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতের আরজি জানিয়ে সম্পূরক আবেদন জমা দেন তাঁর আইনজীবীরা।