আদালত পরিবর্তন চেয়ে খালেদার আবেদনের শুনানি এপ্রিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা অন্য আদালতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা দুটি আবেদনের শুনানি হবে এপ্রিলে। অবকাশকালীন ছুটি শেষে ১ বা ২ এপ্রিল শুনানির জন্য আবেদন দুটি কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তারিখ ধার্য করেন।
চলতি মাসের ১৭ তারিখ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ ছুটি থাকবে।
গত সপ্তাহে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আবেদন দুটি শুনানির জন্য ১২ মার্চ কার্যতালিকায় আসবে বলে তারিখ ধার্য করেছিলেন। এর ধারাবাহিকতায় আজ আবেদন দুটি কার্যতালিকার ১৯ ও ২০ নম্বর ক্রমিকে ছিল।
তবে আজ বিচারপতি রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চে বিচারপতি খসরুজ্জামানের পরিবর্তে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে বেঞ্চ বসেন। তালিকা অনুসারে আবেদন দুটি আজ এই বেঞ্চে এলে আদালত বলেন, ‘আপনারা বেঞ্চটি দেখছেন। আমরা আজ শুনতে পারব না। এই বেঞ্চ এক দিনের জন্য আছে। আদালত খোলার পর বিষয়টি শুনানির জন্য আসবে।’
এ পর্যায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, একটি তারিখ ধার্য করে দেন। আদালত বলেন, রি-ওপেনিংয়ের পর বিষয়টি ১ বা ২ এপ্রিল আসবে।

এ দুটি মামলার বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে গত ২৮ জানুয়ারি খালেদা জিয়া হাইকোর্টে পৃথক দুটি আবেদন করেন। আবেদন দুটি ২ মার্চ আদালতে উপস্থাপন করেন খালেদার আইনজীবী। ওই দিন আদালত বলেন, ৫ মার্চ আবেদন দুটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে। ইতিমধ্যে ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে ওই দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারিক আদালত। এর পরিপ্রেক্ষিতে গত ৩ মার্চ আদালত পরিবর্তন চেয়ে করা ওই আবেদন দুটিতে খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতের আরজি জানিয়ে সম্পূরক আবেদন জমা দেন তাঁর আইনজীবীরা। আজ আদালত স্থানান্তরের আবেদন দুটি কার্যতালিকার ১৬ ও ১৭ নম্বর ক্রমিকে আসে।