আদালত পরিবর্তনে খালেদা জিয়ার আবেদন উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা অন্য আদালতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি আবেদন গতকাল রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে উপস্থাপন করা হয়েছে। আইনজীবীরা বলছেন, আবেদন দুটি কার্যতালিকায় আসার পর আদালত শুনবেন।
আইনজীবী সূত্র জানায়, বিশেষ জজ আদালত-৩-এ বিচারাধীন এ দুটি মামলা অন্য আদালতে স্থানান্তরের বিষয়ে গত ২৮ জানুয়ারি হাইকোর্টে দুটি আবেদন করেন খালেদা জিয়া। গতকাল বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চে আবেদন দুটি উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন ও এম বদরুদ্দোজা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবদুল খালেক।
পরে আবদুল খালেক প্রথম আলোকে বলেন, কার্যতালিতায় না থাকায় আবেদনের শুনানি হয়নি। আদালত বলেছেন, আগে কার্যতালিকায় আসুক, ধারাবাহিকভাবে শুনানি হবে।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া ইচ্ছা করলে বিচারিক আদালতে হাজির হয়ে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন জানাতে পারেন অথবা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারেন। এ আবেদন নামঞ্জুর হলে তিনি উচ্চ আদালতে আসতে পারেন। আদালত পরিবর্তনের আবেদন করায় নিম্ন আদালতে মামলা চলবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত উচ্চ আদালত মামলার কার্যক্রমে স্থগিতাদেশ না দেবেন, ততক্ষণ নিম্ন আদালতে মামলা চলবে।
এদিকে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গতকাল সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আজকেও (রোববার) আমরা আবেদন উপস্থাপন করেছি। আশা করি, যে মুহূর্তে আদালত শুনানির জন্য নির্ধারিত করবেন, আমরা উপস্থিত হব। ফলাফল যাই হোক না কেন, আমি জোরের সঙ্গে বলছি, বিচারিক আদালতে এই মামলা শুনানির অধিকার নেই, ওই আদালতে বিচার হবে কি হবে না, যে পর্যন্ত উচ্চ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত না নেন।’ তিনি বলেন, এই গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ। কারণ মাননীয় বিচারক জানেন, দেশবাসী জানে, খালেদা জিয়া রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ, অভুক্ত ও অসুস্থ অবস্থায় আছেন।