আদালত প্রাঙ্গণে বিমর্ষ স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময়  এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানের হাত ছুঁয়ে দেখার চেষ্টা করেন তাঁর স্ত্রী। ছবি: সৌরভ দাশ।
ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানের হাত ছুঁয়ে দেখার চেষ্টা করেন তাঁর স্ত্রী। ছবি: সৌরভ দাশ।

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ১৪ জন আসামিকে। রায় শোনার পরে আসামিদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।  আদালত প্রাঙ্গণে তাঁদের দেখা যায় বিমর্ষ অবস্থায়।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানের স্ত্রী সেলিমা সুলতানা তিনতলার এজলাসকক্ষ থেকে স্বামীর পাশাপাশি হেঁটে হেঁটে নিচে নেমে আসেন। পুলিশ, সাংবাদিক ও আইনজীবীদের ধাক্কাধাক্কির মধ্যেও তিনি স্বামীর পাশাপাশি থাকতে চেয়েছেন সব সময়। চোখ ছলছল করছিল সেলিমার। আকবর হোসেন প্রিজন ভ্যানে উঠে যাওয়ার পর গ্রিলের দিকে এলে সেলিমা আদালত ভবনের ফটকের পাশে একটি উঁচু দেওয়ালের ওপর দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা বলেন। একপর্যায়ে প্রিজন ভ্যান চালু হলে আকবর হোসেন গ্রিলের ফাঁক দিয়ে হাত বের করে দেন। সেলিমা বাইরে থেকে হাত বাড়িয়ে সেটি ধরেন। এভাবে একসময় চলে যায় প্রিজন ভ্যানটি। স্বামীর চলে যাওয়ার দিকে তাকিয়েছিলেন সেলিমা। তাঁর চোখ দিয়ে টপ টপ পানি ঝরছিল। এরপর এক স্বজনসহ তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা। আমরা ন্যায়বিচার পাইনি। আমার স্বামী এই ঘটনায় জড়িত নয়। আমরা উচ্চ আদালতে যাব।’

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আরেক আসামি দীন মোহাম্মদ অস্ত্র খালাসের জন্য ট্রলার ও শ্রমিক সরবরাহকারী ছিলেন। রায় শোনার পর থেকে হাউমাউ করে কাঁদছিলেন দীন মোহাম্মদের স্ত্রী মিনু আরা বেগম। কাঁদতে কাঁদতে তিনি স্বামীর পেছন পেছন নিচে নেমে আসেন। তিনি বারবার বলছিলেন ‘আল্লাহ, এটা কী হলো।’ আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় তাঁকে সাংবাদিকেরা ঘিরে ধরেন। এ সময় তিনি কাঁদছিলেন বলে  কোনো কথায় বলতে পারছিলেন না। একটু শান্ত হয়ে মিনু আরা বলেন, ‘আমার স্বামী দিনমজুর। তাঁকে শুধু শুধু এই মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। আমার স্বামী নির্দোষ। আমরা গরিব মানুষ। আমার পরিবারের এখন পথে বসার উপক্রম হয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এই বিচার দিলাম।’

আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুস সোবাহানের বড় ছেলে ওসমানও রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। রায়ে তিনি হতাশ হয়েছেন। ওসমান প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার বাবা নির্দোষ। আমরা ন্যায়বিচার পাইনি। উচ্চ আদালতে যাব।’

একইভাবে দণ্ডপ্রাপ্ত আসামি হাফিজুর রহমানের ভাই ওয়াসিউর রহমান ফাঁসির রায় শুনে কান্নায় ভেঙে পড়েন। এ ছাড়া উপস্থিত ছিলেন উইং কমান্ডার সাহাব উদ্দিনের স্ত্রী ও মেয়ে। রায় ঘোষণার পর সাহাবকে জড়িয়ে কাঁদতে থাকেন স্ত্রী-মেয়ে। গণমাধ্যমে তাঁরা কোনো মন্তব্য করেননি।

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অস্ত্র আটক মামলার দুটি ধারায় এই ১৪ জনকে যাবজ্জীবন ও সাত বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। ঘটনার প্রায় পৌনে ১০ বছর পর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হলো।

অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অন্য আসামিরা হলেন ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, সাবেক শিল্পসচিব নুরুল আমিন, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীম, পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিন আহাম্মদ, উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, হাফিজুর রহমান, দীন মোহাম্মদ ও হাজি আবদুস সোবহান। তাঁদের মধ্যে পরেশ বড়ুয়া ও নুরুল আমিন পলাতক। হাজি আবদুস সোবহান জামিন ছিলেন। তবে আজ আদালতে হাজির ছিলেন। অস্ত্র চোরাচালান মামলায় ৩৮ জন খালাস পেয়েছেন। আসামি ছিলেন ৫২ জন।