আদালত বদলের আবেদন করেছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় আদালত বদলের জন্য হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
গতকাল বুধবার আদালতে খালেদা জিয়ার পক্ষে আবেদনটি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন ও জাকির হোসেন ভূঁইয়া।
পরে আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ওই মামলার একটি অংশের অভিযোগ পুনঃ তদন্ত চেয়ে খালেদা জিয়া বিচারিক আদালতে আবেদন করেন। এই আবেদন শুনানি ও নিষ্পত্তির আগে ২ ফেব্রুয়ারি ৩৪২ ধারার বিধান অনুসারে আসামি পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়। এরপর আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করা হলে ওই দিন তা খারিজ হয়। বিশেষ জজ আদালত-৩ থেকে মামলাটি অন্য আদালতে বদলির জন্য হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনটি গতকাল উপস্থাপন করা হলে আদালত বলেন, ১৩ ফেব্রুয়ারি আবেদনটি কার্যতালিকায় আসবে।
আবেদনে মামলাটি কেন ওই আদালত থেকে অন্য আদালতে বদলির নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় মামলার কার্যক্রম স্থগিতের প্রার্থনাও রয়েছে আবেদনে।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির বিচারকাজ শেষ পর্যায়ে আছে। একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার বিচারকাজও চলছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আজ ৯ ফেব্রুয়ারি আসামিপক্ষের সাফাই সাক্ষ্যের দিন ধার্য রয়েছে।
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।