আদালত ভবন থেকে পড়ে আইনজীবীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার জজ আদালতে গতকাল মঙ্গলবার এক শিক্ষানবিশ আইনজীবীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আদালতের নতুন ভবনের আটতলা থেকে পড়ে সাইদুল মুরসালীন (২৬) নামে ওই আইনজীবীর মৃত্যু হয় বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।জজ আদালতের কর্মচারী আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতের নতুন ভবনের আটতলা থেকে সাইদুলকে পড়ে যেতে দেখেন। সাইদুল আদালতের ফটকের কাছে তিনজন আইনজীবীর ওপরে পড়েন। এতে তাঁরা আহত হন। সাইদুল ঘটনাস্থলে মারা যান।কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন খান বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ঘটনাটি আত্মহত্যা। তবে সাইদুল ভবনের কোন স্থান থেকে পড়ে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ভবনের আটতলার করিডরে রক্তের ছাপ পাওয়ায় বিষয়টিকে অনেকে রহস্যজনক আখ্যা দিয়েছেন।পুলিশ জানায়, সাইদুলের শার্টের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে ‘আব্বু, আম্মু, ছোট আপু, তোমাদের জন্য আমার এ অবস্থা। বিভিন্ন সময়ে আমাকে ডিস্টার্ব করে। তবু তোমরা স্বীকার করো না। তাই, আমি আত্মহত্যা করেছি।’ সেখানে সাইদুলের নাম, বাবার নাম, বাসার ঠিকানা ও একটি মোবাইল ফোন নম্বর লেখা ছিল। বাবা সিরাজুল ইসলাম পেশায় আইনজীবী। তিনি বলেন, সাইদুল আদালতে তাঁর সঙ্গে আইন পেশার চর্চা করছিলেন। তবে এখনো বার কাউন্সিল থেকে সনদ পাননি। তিনি জানান, গত সোমবার রাত আটটার দিকে সাইদুল নারিন্দার শাহ সাহেব লেনের বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। গতকাল বেলা ১১টার দিকে তিনি তাঁর মৃত্যুর খবর পান। তাঁর দাবি, তাঁর ছেলে বছর তিনেক আগে মানসিক রোগে আক্রান্ত হয়েছিল। চিকিৎসা করানোর পর বেশ কিছুদিন সে সম্পূর্ণ সুস্থ ছিল। ছেলের মৃত্যু নিয়ে তাঁর কোনো অভিযোগ নেই।