আদালত ভবন থেকে লাফিয়ে পড়ে আসামির মুত্যু
টাঙ্গাইলে নতুন আদালত ভবনের পঞ্চম তলা থেকে লাফিয়ে পরে হারুন-অর-রশীদ (২৫) নামের এক আসামি আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্ত্রীকে হত্যার দায়ে গত মঙ্গলবার রাতে কালিহাতী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁকে জবানবন্দি দিতে আদালতে আনার পর এ ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের পালিমা গ্রামের সুলতান মিয়ার ছেলে হারুন-অর-রশীদের সঙ্গে পাঁচ মাস আগে বিয়ে হয় বাসাইল উপজেলার যশীহাটি গ্রামের মোতালেব মিয়ার মেয়ে আমিনার। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ লেগেই ছিল তাঁদের। গত সোমবার রাতেও তাঁদের ঝগড়া হয়। একপর্যায়ে হারুন ক্ষিপ্ত হয়ে আমিনাকে শ্বাসরোধে ও ঘাড় ভেঙে হত্যা করেন। পরে রাতেই বাড়ির পাশের একটি ডোবায় লাশ ফেলে দেন। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা মোতালেব হোসেন জামাতা হারুনসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ রাতেই হারুনকে গ্রেপ্তার করে।
ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর গতকাল সকালে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে হারুনকে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে আনা হয়। আদালত ভবনের পঞ্চম তলায় হাত-পায়ের বাঁধন খুলে হারুনকে ম্যাজিস্ট্রেটের কক্ষে নেওয়ার পথে পুলিশের চোখ এড়িয়ে তিনি বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়েন।