টাকার বিনিময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদস্থ কর্মকর্তাদের নেতৃত্বে নারায়ণগঞ্জে সাত খুনের ন্যায়বিচার নিয়ে শুরু থেকেই সাধারণ মানুষের মধ্যে শঙ্কা ছিল। কারণ, অভিযুক্ত ব্যক্তিরা ছিলেন প্রভাবশালী। কিন্তু ক্ষমতার দাপটে প্রভাবশালী ব্যক্তিদের অপরাধ বিভিন্ন সময়ে মাফ হয়ে যাওয়ার প্রচলিত ধারণা গতকাল মঙ্গলবার আদালতের রায়ে ভুল প্রমাণিত হলো।
অভিযুক্ত র্যাব কর্মকর্তাদের গ্রেপ্তার, মূল পরিকল্পনাকারী নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনা থেকে শুরু করে বিচারের বিভিন্ন পর্যায়ে সারা দেশের মানুষ, আইনজীবী ও গণমাধ্যম সজাগ ছিল। এ সবই ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে সহায়ক ছিল বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, প্রায় তিন বছর তিন মাস ধরে চলা এই আইনি লড়াইয়ে আদালতই ন্যায়বিচারের পথ উন্মুক্ত করে দিয়েছিলেন।
গতকাল রায় ঘোষণার পর নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘সাত খুনের পর র্যাবের বিরুদ্ধে কোনো কথাই বলা যাচ্ছিল না। শেষ পর্যন্ত হাইকোর্টে আমিসহ তিনজন রিট করলাম। বলতে গেলে আদালতই ন্যায়বিচারের পথ উন্মুক্ত করে দেন। নইলে কোনো দিনও পুলিশ র্যাব সদস্যদের গ্রেপ্তার করত না। আদালতের প্রতি আমরা আস্থাশীল থেকে এগিয়ে গেছি।’
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন নিখোঁজ হন। এক দিন পরই নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে আসামি করে ছয়জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করেন। শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে একজনের অর্ধগলিত লাশ উদ্ধার হওয়ার পর ওই মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়।
নজরুল ইসলামের স্বজন ও বন্ধুরা গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনার বছরখানেক আগে থেকেই নূর হোসেনের পক্ষ থেকে হুমকি ছিল। নজরুল ইসলাম ও তাঁর সহযোগীরা বাড়ির বাইরে একরকম আত্মগোপন করে ছিলেন। অপহরণের পরই তাঁর স্বজনেরা অনুমান করতে পেরেছিলেন কারা এই হত্যাকাণ্ডে জড়িত।
তবে সাত খুনের ঘটনাটি নাটকীয় মোড় নেয় ২০১৪ সালের ৪ মে। ওই দিন নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, র্যাবের তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেন ছয় কোটি টাকার বিনিময়ে সাতজনকে অপহরণের পর খুন করেছেন।
তারেক সাঈদ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা। তারেক সাঈদের বিরুদ্ধে কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, নরসিংদী ও ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহারেও অপহরণ, গুম-খুনের অভিযোগ আছে। এর কোনোটিরই এখনো সুরাহা হয়নি।
১১ মে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি সাখাওয়াত হোসেন, সদস্য মাহবুবুর রহমান ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের রিট আবেদনের পর হাইকোর্ট তারেক সাঈদসহ অভিযুক্ত তিন র্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পরদিন পুলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়ে আসামি গ্রেপ্তারে সহযোগিতা চায়। তিন দিন পর ১৫ মে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পায় পুলিশ। ওই রাতেই মিলিটারি পুলিশের সহায়তায় ঢাকা সেনানিবাসের বাসভবন থেকে গ্রেপ্তার হন তারেক সাঈদ ও আরিফ হোসেন। ১৬ মে নৌবাহিনীর গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেন। ওই তিন কর্মকর্তাকেই সশস্ত্র বাহিনী বরখাস্ত করে। কিন্তু ঘটনার মূল পরিকল্পনাকারী নূর হোসেন পালিয়ে গেলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তারা বলেন, ২৯ এপ্রিল রাতে নূর হোসেনের সঙ্গে শামীম ওসমানের কথা হয়। এরপরই তিনি ভারতে পালিয়ে যান। ২৩ মে প্রথম আলোয় নূর হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের কথোপকথনের রেকর্ড নিয়ে প্রতিবেদনও ছাপা হয়। এই খবর প্রচারের পর ন্যায়বিচার পাওয়া নিয়ে মানুষের মনে নতুন করে সংশয় তৈরি হয়।
অবশেষে ২০১৫ সালের ১২ নভেম্বর নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনা হয়। ১৪ নভেম্বর নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠান। সেই সময় প্রশ্ন ওঠে, নূর হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ কেন করা হলো না? তাহলে কি তাঁকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা চলছে?
২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি ৩৫ জনকে আসামি করে অভিযোগ গঠন করে পুলিশ। আদালতে বিচার চলাকালে অভিযোগ ওঠে, নূর হোসেনের লোকেরা নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামকে ভয়ভীতি দেখাচ্ছেন। আর তারেক সাঈদ রোগী পরিচয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিলাসবহুল জীবন যাপন করছেন। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তারেক সাঈদকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।
অভিযোগ গঠনের পর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত ৩৮ দিন শুনানির পর গত ১৬ জানুয়ারি রায় ঘোষণা করেন। রায়ে নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ হোসেন, এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। রায় ঘোষণার ১৩ দিনের মাথায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানি) পেপার বুক প্রস্তুত করার নির্দেশ দেন।
গতকাল নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, তিনি নিশ্চিত ছিলেন ন্যায়বিচার পাবেন। কারণ, সাম্প্রতিক সময়ে বিচার বিভাগ যেসব রায় দিয়েছেন, তার প্রতিটিই সন্তোষজনক ছিল। তাঁর মতে, সাত খুনের ঘটনা এড়ানোর কোনো সুযোগ ছিল না। ভয়ে-ক্ষোভে অস্থির মানুষের ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশ ছিল। আইনজীবী চন্দন সরকার খুন হওয়ার পর সব আইনজীবী দল-মতনির্বিশেষে রাস্তায় নামেন। সরকারের সব কটি বাহিনী তৎপর হয়েছে। সবকিছু একসঙ্গে কাজ করেছে বলেই স্বস্তিদায়ক রায় হয়েছে।
যদিও গতকাল রায় ঘোষণার আগে নূর হোসেনের ভাই নূর উদ্দীন বলছিলেন, তাঁরা মনে করেন নূর হোসেন খালাস পাবেন। নিম্ন আদালতে গণমাধ্যমের চাপের প্রতিফলন ছিল, উচ্চ আদালতে ওই রায় টিকবে না।
তবে নূর উদ্দীনের এই আশাও টেকেনি। মূল আসামিসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আদালতের এই রায়ের প্রভাব সুদূরপ্রসারী বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘এই রায় একটা ইতিবাচক বার্তা দিল তাদের জন্য, যাদের আত্মীয়স্বজন গুম-খুনের শিকার হয়েছেন। এর আগেও অপারেশন ক্লিন হার্ট প্রসঙ্গে আদালত বলেছেন, কেউ আইনের ঊর্ধ্ব নয়। কাউকে দায়মুক্তি দেওয়া হবে না।’ তিনি বলেন, যে বাহিনীর নিরাপত্তা দেওয়ার কথা, সেই বাহিনী যদি ভীতি জাগায়, তাহলে সেটি রাখার দরকার কী—এটাও ভেবে দেখা দরকার।