আদালতকক্ষে বিয়ে, অতঃপর জামিনে মুক্ত
বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে নিজ বাড়িতে নিয়ে আর বিয়ে করেননি তিনি। পরে মামলায় গ্রেপ্তার হয়ে বিয়েতে রাজি হলে কাজী ডেকে আদালতকক্ষেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সাড়ে সাত মাস জেলহাজতে থেকে জামিনে মুক্ত হন তিনি। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ মুহাম্মদ আবদুর রহীমের আদালতে এ বিয়ে হয়েছে।মামলা ও আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের ফাজিলপুর গ্রামের তেরা মিয়ার ছেলে সুলেমান মিয়ার (২০) সঙ্গে এই গ্রামের মৃত রাশিদ আলীর মেয়ে জোছনা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। জোছনা তাঁর খালা মালেহা বেগমের বাড়িতে থাকতেন। একপর্যায়ে সুলেমান বিয়ের প্রস্তাব দেন। জোছনার পরিবার সুলেমানকে অভিভাবক নিয়ে আসতে বলে। কিন্তু তিনি তা পারেননি। এরপর তিনি বিয়ে করবেন বলে জোছনাকে তাঁর বাড়িতে নিয়ে যান। কিন্তু বাড়িতে রাখলেও আনুষ্ঠানিক বিয়ে আর হয়নি। একপর্যায়ে জোছনার খালা মালেহা বেগম বাদী হয়ে আদালতে মামলা করেন। পুলিশ সুলেমানকে গত বছরের ২৩ জুন গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার আদালতে হাজির করা হলে সুলেমান বিয়েতে রাজি হন। তখন কাজী ডেকে এনে আদালতকক্ষেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর আদালতের বিচারক সুনামগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ মুহাম্মদ আবদুর রহীম সুলেমানের জামিন মঞ্জুর করেন।