আদালতকে আরও সহনশীল ও উদার হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতকে আরও সহনশীল ও উদার হওয়ার আহ্বান জানিয়েছে ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। সংগঠনের সভাপতি সালেহউদ্দিন ও সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ প্রথম আলো পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের সাংবাদিক সমাজ বিচার বিভাগের স্বাধীনতার জন্য সর্বদা সোচ্চার। আদালতের মর্যাদার প্রতিও তারা বরাবর শ্রদ্ধাশীল। একইভাবে সাংবাদিকদের মর্যাদা ও স্বাধীনতার প্রতি আদালতও সচেতন থাকবে বলে আমাদের প্রত্যাশা।’
বিবৃতিতে বলা হয়, ‘আমরা লক্ষ করেছি, কোনো কোনো আইনজীবী সংশ্লিষ্ট আদালতে বলেছেন, সাংবাদিকদের হাইকোর্টে এনে সারা দিন দাঁড় করিয়ে রাখতে হবে। আমরা মনে করি, এটি একটি ঔপনিবেশিক মানসিকতা এবং অন্য কোনো ক্রোধের ফল। তাদের এটা মনে রাখা উচিত, বিচারের মর্মবাণী কাউকে হেয় বা অসম্মান করা নয়।’ সাংবাদিকদের কোনো লেখায় ভুল বা ভ্রান্তি হয়তো থাকতে পারে। আদালত তার অভিজ্ঞ রায় ও নির্দেশনা দিয়ে সেই ভুল সংশোধনের সুযোগ করে দেবেন, সেটাই প্রত্যাশা। বিজ্ঞপ্তি।