আদালতকে পদে পদে অবজ্ঞা করতেন সাকা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ চলার সময় আসামির কাঠগড়ায় থেকেও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী প্রতি পদে পদে আদালতকে অবজ্ঞা করতেন। চিৎকার করে করে বিচারকাজে বাধা দিয়েছেন। বিচারক থেকে শুরু করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা রাষ্ট্রপক্ষের সাক্ষী কাউকেই তিনি কটূক্তি করতে ছাড় দেননি। রায়ের চূড়ান্ত অংশে ট্রাইব্যুনাল তাঁর পর্যবেক্ষণে এ কথা বলেছেন। 

আদালতের প্রতি সাকা চৌধুরীর অবজ্ঞাসূচক আচরণ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে উল্লেখ করেছেন, বিচারকেরা এজলাস ছাড়ার সময়েও তিনি উঠে দাঁড়াতেন না।
ট্রাইব্যুনাল যেদিন রায় ঘোষণা করেন, সেদিনও দেখা যায়, একদিকে বিচারকরেরা রায় পড়ছেন, আরেক দিকে সাকা চৌধুরী হাসতে হাসতে বিচারকদের উদ্দেশে অবজ্ঞা সূচক কথা বলছেন।
রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, ২০১২ সালের ১৪ মে আদালতকক্ষের শৃঙ্খলাভঙ্গ এবং চিৎকার করে কথা বলার জন্য সাকা চৌধুরীকে সতর্ক করা হয়েছিল। পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, সরকার তাঁদের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত করেছেন, কিন্তু সাকা চৌধুরী তাঁদের কখনো কখনো ‘চেয়ারম্যান সাহেব’ বা ‘মেম্বার সাহেব’ বলে ডাকতেন। এই আচরণের মাধ্যমে সাকা চৌধুরীর আদালতকে অবজ্ঞার বিষয়টি স্পষ্ট ফুটে ওঠে।
২০১০ সালের ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে প্রথম হাজিরার দিন থেকেই বিচারকদের সঙ্গে তর্ক শুরু করেন সাকা চৌধুরী। তিনি বলেন, ‘আমি সিটিং মেম্বার অব পার্লামেন্ট। আমাকে কথা বলতে দিতে হবে। বর্তমান সরকার কারজাই সরকার। এই কারজাই সরকারকে মানি না।’
ট্রাইব্যুনালে বিএনপির সমর্থক ও আইনজীবীদের ঢোকা নিয়ে হইচই হলে সাকা চৌধুরী বলেন, ‘প্রয়োজনে ৫০০ কেন, ৫০০০ আইনজীবী আসবে। প্রয়োজনে কারওয়ান বাজার, পল্টন ময়দানে বিচার হবে। আমি সংসদ ভবনেও ক্যাঙ্গারু কোর্ট দেখেছি।’
২০১১ সালের ১৭ জানুয়ারি শুনানির দ্বিতীয় দিনে এজলাসে ঢুকেই সাকা চৌধুরী চিৎকার করে বলেন, নিজেই নিজের পক্ষে লড়বেন। তিনি বলেন, ‘আমি থাকতে আমার আইনজীবী লাগবে কেন?’
সে বছরের ২০ এপ্রিল কারাভ্যান থেকে সাকা চৌধুরীকে পুলিশের ছয়-সাতজন সদস্য কোলে করে এজলাসে আনেন। তিনি কাঠগড়ায় রাখা চেয়ারের সারির ওপর শুয়ে পড়েন। পরে তাঁকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় প্রসিকিউশন। এ সময় তিনি বলেন, ‘গণ-আদালতে একবার এ অপরাধে বিচার হয়েছে। এক খাসি কতবার কোরবানি দেবেন?’
পরে শুনানি শেষে সাকা চৌধুরীকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। তবে আদেশে বলা হয়, আদালতে আনার সময় সাকা চৌধুরী নিজেকে অসুস্থ বলে দেখিয়েছেন। কিন্তু আদালতে তিনি এত জোর গলায় কথা বলেছেন যে মনে হয়েছে, তিনি অসুস্থতার ভান করছেন।
২০১১ সালের ২৪ নভেম্বর ট্রাইব্যুনালে সাকা চৌধুরী বলেন, ‘আমাকে কোনো অভিযোগ ছাড়া গ্রেপ্তার করে তারপর তদন্ত করা হলো। ব্যাপারটা এমন—বাপের পরিচয় ছাড়া ছেলের শাদি হয়ে গেছে। এখন বাপের পরিচয় হালাল করতে বাপের বিয়ে করাচ্ছে।’
এরপর ২৯ নভেম্বর সাকা চৌধুরীর পক্ষে কোনো আইনজীবী না থাকায় ট্রাইব্যুনাল তাঁর আইনজীবীদের খোঁজ জানতে চান। তিনি বলেন, তাঁরা ট্রাইব্যুনালের ভয়ে আসছেন না। ট্রাইব্যুনাল তাঁকে সতর্ক করে বলেন, ‘এটা মজা করার জায়গা নয়।’
পরদিন সাকা চৌধুরী দাবি করেন, শুধু তাঁকে শাস্তি দিতে ২০০৯ সালে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করা হয়েছে। সংবিধানের সঙ্গে ট্রাইব্যুনাল আইনের তুলনা করে তিনি বলেন, এখন বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়ে গেছে।
ওই দিন আত্মপক্ষে যুক্তি উপস্থাপন করার সময় সাকা চৌধুরী ‘সেনাবাহিনী’ শব্দটি দুবার ‘সোনাবাহিনী’ উচ্চারণ করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল-মালুম এর প্রতিবাদ করে বলেন, সাকা চৌধুরী ইচ্ছা করে সেনাবাহিনীকে কটাক্ষ করেছেন।
ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে জিজ্ঞাসা করেন, এমন শব্দ বলেছেন কি না? সঙ্গে সঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করেন।