নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে গত বুধবার আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়েছে।
বুধবার রাতেই আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী মহসীন মিয়া বাদী হয়ে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে বিএনপির নেতা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে মামলাটি করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে সাখাওয়াত হোসেনের অভিযোগ, সাত খুনের ঘটনায় হত্যা মামলা বাধাগ্রস্ত করতেই একটি মহল ষড়যন্ত্র করছে, যার ফলে মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করা হচ্ছে।
এদিকে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে সাখাওয়াত হোসেন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। সাখাওয়াত আলোচিত সাত খুনের ঘটনায় বাদীপক্ষের দায়ের করা মামলাটি পরিচালনা করছেন।