
বরিশাল নগরের আদালতপাড়ায় সড়ক ও নালা সংস্কার হচ্ছে না দীর্ঘদিন। বারবার সড়ক ও নালা সংস্কারে গণপূর্ত বিভাগের কাছে ধরনা দিয়েও কাজ হচ্ছে না। আদালত এলাকায় খানাখন্দে পানি-কাদায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বিচারপ্রার্থী-আইনজীবীসহ সবাইকে।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার জেলা জজ আদালতপাড়ার করুণ অবস্থা দেখা গেছে। মূল সড়ক থেকে আদালতপাড়ায় ঢোকার সড়কটি বড় বড় গর্ত হয়ে গেছে। একটি রিকশা ঢুকলে পাশ দিয়ে হাঁটার জায়গা থাকে না। বাধ্য হয়ে কাদার মধ্যেই যাতায়াত করেন আইনজীবী-বিচারপ্রার্থী ও বিচারকেরা।
জেলা আইনজীবী সমিতি জানায়, দীর্ঘদিন ধরে আদালতপাড়ার সড়ক সংস্কার হচ্ছে না। পাশের নালা সংস্কার না করায় একটু বৃষ্টিতে হাঁটুসমান পানি দাঁড়ায় আদালত চত্বরে। তখন মূল সড়ক এবং এজলাস ভবন পর্যন্ত পানি গড়ায়। বিচারকেরা এজলাসে যেতে পারেন না। বিচারপ্রার্থীরা অনক সময় জুতা হাতে নিয়ে আদালতপাড়ায় ঢোকেন।
হিজলা উপজেলা থেকে আসা বিচারপ্রার্থী মনোয়ারা বেগম জানান, মামলা থেকে অব্যাহতির জন্য আদালতে আসাই হয়রানি। তার ওপর আদালত চত্বরে হাঁটু পরিমাণ পানি। প্রতিটি তারিখে আদালতে ঢুকতে হয় কাদাপানি পেরিয়ে। একইভাবে অভিযোগ করেন বিচারপ্রার্থী রেজাউল হক, আমিনুল ইসলাম, আজাহার আলীসহ অনেকে।
প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যাল অভিযোগ করে বলেন, আদালতপাড়ার চারদিকে কোনো ড্রেন(নালা) না থাকায় একটু বৃষ্টিতেই হাঁটুপানি হয়ে যায়। প্রায় চার বছর ধরে রাস্তাটি ভেঙে বড় বড় গর্ত হয়ে রয়েছে। কাদাপানির কারণে আইনজীবী ভবন থেকে আদালতে যেতে রিকশা ব্যবহার করতে হয়। আর বিচারপ্রার্থীদের কাদাপানির মধ্যে হেঁটে আসতে হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন, আদালতপাড়ার দুরবস্থা জানিয়ে গণপূর্ত বিভাগকে অনেকবার চিঠি দেওয়া হলেও সড়ক সংস্কার ও আদালতপাড়ার উন্নয়নে কাজ করছে না তারা।
গণপূর্ত বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ‘আইন মন্ত্রণালয় থেকে আদালত এলাকার ভবন ও অন্যান্য সংস্কারে বরাদ্দ দেওয়া হচ্ছে না। সে কারণে সংস্কারকাজও করা যাচ্ছে না। তার পরও আমরা ওই এলাকার সড়ক সংস্কারের উদ্যোগ নেব।’