আদালতপাড়ার নিরাপত্তা চেয়েছেন বিচারকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে আদালতপাড়া ও বিচারকদের বাসভবনের নিরাপত্তা চেয়ে মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করেছেন জেলা জজ আদালত। গত সোমবার বরিশাল জেলা জজ আদালতের বিচারকদের পক্ষে নেজারত বিভাগের দায়িত্বে থাকা যুগ্ম জেলা জজ মো. আলমগীর কবির মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত ওই আবেদন করেন।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, বিচারকেরা আদালতপাড়া ও বাসভবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। আদালতের একটি ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আদালত চত্বরের ছোট চায়ের দোকান উঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিচারক ও আদালতপাড়ায় নিরাপত্তার জন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে যে আশঙ্কার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে—এমন কোনো আশঙ্কার সংবাদ তাঁদের কাছে নেই।যুগ্ম জেলা জজ মো. আলমগীর কবির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্প্রতি বরিশাল আদালতপাড়ায় অচেনা ও সন্দেহভাজন লোকদের আনাগোনা বেড়ে গেছে। আদালতপাড়ায় ছোট ছোট চায়ের দোকানগুলো নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। বেশ কিছুদিন ধরে আদালত চত্বরে সন্দেহভাজন লোকজনের সংঘবদ্ধ হয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আদালত চত্বরের চায়ের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। এ ছাড়া বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের আদালতে প্রবেশের জন্য মূল ফটক ব্যবহার এবং পশ্চিম দিকের ফটকটি বন্ধ করার জন্য বলা হয়েছে। আশঙ্কার বিষয়টি নাকচ করে দিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) বরিশালের কমান্ডিং অফিসার লে. কর্নেল ফরিদুল আলম বলেন, ‘বিচারকগণ শঙ্কা প্রকাশ করলেও আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। তার পরও র‌্যাবের কাছে বাড়তি নিরাপত্তা চাওয়া হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’আদালতের সরকারি কৌঁসুলি কে বি এম আহম্মেদ কবির বলেন, ‘সারা দেশে জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে শুধু বিচারকেরা নন, আমরাও শঙ্কার মধ্যে আছি।’ জেলা জজ আদালতের নাজির হাওলাদার শাহ আলম বলেন, আদালতের সার্বিক নিরাপত্তার বিষয়ে মেট্রোপলিটন পুলিশকে জানানো হয়েছে। তারা পদক্ষেপ নিয়েছে।