সিলেটের শাহ-জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু্ই ছাত্র হত্যার অভিযোগপত্র গতকাল মঙ্গলবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে শুনানির জন্য ২৮ মার্চ তারিখ ধার্য করেছেন। সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ মো. দিলজার হোসেন অভিযোগপত্রের শুনানির তারিখ ধার্য করার আদেশ দেন।আদালত সূত্র জানায়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের দুই ছাত্র দীপঙ্কর ঘোষ অনীক ও খায়রুল কবীর ২০১১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চেঙেরখালে নৌভ্রমণে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন। পরদিন এ ঘটনায় জালালাবাদ থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে মামলা করলে পুলিশ নৌকার মাঝি গুলজারকে আসামি করে মামলা করেন। পরবর্তী সময়ে গুলজারের দেওয়া তথ্যের ভিত্তিতে হামলাকারী শনাক্ত হলে এলাকাবাসী ধরে এদের পুলিশে সোপর্দ করে। তদন্ত শেষে পুলিশ গত সোমবার নৌকার মাঝি ও এলাকাবাসীর ধরে দেওয়া আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।