আদালতে অভিযোগপত্র গৃহীত, শুনানি ২৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শামসুল ইসলাম চৌধুরী (৯০) হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) গতকাল বুধবার আদালতে গৃহীত হয়েছে। সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ মো. দিলজার হোসেন অভিযোগপত্র গ্রহণ করে শুনানির জন্য ২৭ মার্চ তারিখ ধার্য করেন। আদালত সূত্র জানায়, গত বছরের ২২ জুলাই আইনজীবী শামসুল নিখোঁজ হয়েছেন বলে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর ছোট ছেলে মসুদ ওরফে মাসুদ আহমদ চৌধুরী। এরপর মাসুদ আত্মগোপনে চলে যাওয়ায় এ ঘটনা তদন্ত করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা। র‌্যাবের তদন্তে আইনজীবীর ছোট ছেলে মাসুদই হত্যাকারী হিসেবে শনাক্ত হন এবং এ ঘটনায় জড়িত তাঁর চারজন সহযোগীকে গ্রেপ্তার করে র‌্যাব। আদালতে তাঁদের দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর গত মঙ্গলবার র‌্যাবের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, তাঁরা হলেন নগরের মীরবক্সটুলার ১১০ আজাদীর বাসিন্দা আইনজীবীর ছোট ছেলে মাসুদ আহমদ চৌধুরী (৪৫), জাহের আলী, বোরহান উদ্দিন (৩০), মসুদের সহযোগী সুনামগঞ্জের দোয়ারাবাজারের আনসার আলী (২৮) ও তাঁর ছোট ভাই ইসমাইল হোসেন (২৪)।