আদালতে অভিযোগপত্র গৃহীত, শুনানি ৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও ভাঙচুর মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে গৃহীত হয়েছে। সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এনায়েত করীম সরকার অভিযোগপত্র গ্রহণ করে শুনানির জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।পুলিশ সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর সিলেট-ঢাকা মহাসড়কের চণ্ডীপুলের কাছে যাত্রীবাহী বাস ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে এক যাত্রী নিহত ও আহত হন অর্ধশতাধিক। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি ও আরেকটি হত্যা মামলা দায়ের করে। এ ছাড়া একই দিন নগরের বিভিন্ন স্থানে আরও ৫০টি গাড়ি ভাঙচুরের ঘটনায় সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানায় দ্রুত বিচার আইনে আরও ছয়টি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ দ্রুত বিচার আইনের ছয়টি মামলায় এম ইলিয়াস আলীকে ‘মদদদাতা’ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতা-কর্মীকে অভিযুক্ত করে গত ২৯ ও ৩০ জুন পৃথক অভিযোগপত্র আদালতে দাখিল করে। দক্ষিণ সুরমার গাড়ি পোড়ানো ও নগরে গাড়ি ভাঙচুরের অভিযোগে তিন মামলার অভিযোগপত্র গতকাল সিলেটের মুখ্য বিচারিক হাকিমের আদালতে গৃহীত হয়। উল্লেখ্য, এম ইলিয়াস আলীসহ অভিযুক্ত সব আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।