আদালতে অসত্য প্রতিবেদন দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির অভিযোগে করা একটি মামলার বাদী এলাকায় থাকার পরও তাঁকে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে আদালতে প্রতিবেদন দিয়েছিলেন পাহাড়তলী থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) আবছার উদ্দিন। এ ঘটনায় এএসআইসহ ওসিকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়। গতকাল বৃহস্পতিবার তিনি তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোসাম্মৎ বিলকিস আক্তারের আদালতে হাজির হয়ে ক্ষমাপ্রার্থনা করেন। আদালত তাঁকে সতর্ক করেছেন। আর পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বড়ুয়াও গতকাল লিখিতভাবে আদালতের কাছে ক্ষমা চান।
মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি তুহিন গাঙ্গুলী প্রথম আলোকে বলেন, পাহাড়তলী এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। এই মামলায় একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। বাদীর সাক্ষ্য গ্রহণের জন্য আদালত গত এপ্রিল মাসে সমন জারি করেন। কিন্তু থানা থেকে সমনটি ফেরত আসায় আদালত ২৮ জুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বাদীর বিরুদ্ধে। বাদীকে পাওয়া যায়নি এবং এই নামের কোনো ব্যক্তি নেই উল্লেখ করে পাহাড়তলী থানার এএসআই ২২ আগস্ট আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে স্বাক্ষর করেন পাহাড়তলী থানার ওসি।
সরকারি কৌঁসুলি বলেন, ২৮ আগস্ট এই মামলার ধার্য করা দিনে বাদী মাহবুবুর রহমান আদালতে হাজির হয়ে বলেন, তাঁর বাড়িতে পুলিশ যায়নি। তিনি কোনো সমনও পাননি। ওই দিনই আদালত পাহাড়তলী থানার ওসিকে লিখিতভাবে ও এএসআইকে সশরীরে হাজির হয়ে কারণ ব্যাখ্যা দিতে বলেন। এএসআই আবছার উদ্দিন আদালতকে বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তাঁদের বিশ্বাস করে বাদীকে পাওয়া যায়নি বলে তিনি প্রতিবেদন দিয়েছিলেন। ভবিষ্যতে পরোয়ানা তামিলের ক্ষেত্রে গাফিলতি করবেন না বলে জানানোর পাশাপাশি ভুলের জন্য ক্ষমাপ্রার্থনা করেন। লিখিত বক্তব্যে ওসি ক্ষমাপ্রার্থনা করে গাফিলতির জন্য এএসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আদালতকে জানান।
সরকারি কৌঁসুলি তুহিন গাঙ্গুলী আরও বলেন, ওসি ও এএসআইয়ের কাছে আদালত কারণ ব্যাখ্যা চাওয়ায় ২৯ আগস্ট বাদীকে গ্রেপ্তার করা ও মামলায় ফাঁসানোর হুমকি দেন এএসআই আবছার। এ বিষয়ে বাদী গতকাল লিখিতভাবে আদালতে অভিযোগ করেছেন। আদালত আগামী বছরের ২২ জানুয়ারি আদেশের দিন ধার্য করেছেন।