বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার শুনানিকালে গতকাল বৃহস্পতিবার আদালতে অসুস্থ হয়ে এক আইনজীবী মারা গেছেন। এ কারণে ওই মামলার শুনানি ১২ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আদালত। আসামিপক্ষের ওই আইনজীবী হলেন টি এম আকবর।
একই আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার শুনানিও ১২ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান এই আদেশ দেন। বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এই দুই মামলার বিচারকাজ চলছে।
আদালত সূত্রে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামিপক্ষের আইনজীবী টি এম আকবর গতকাল মনিরুল ইসলামের পক্ষে সাক্ষী নুর আহমেদকে জেরা করছিলেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
এই মামলায় খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আইনজীবী টি এম আকবর স্ট্রোকে আক্রান্ত হন। বারডেম হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।