চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরবার শরিফের টাকা লুটের মামলার আসামি র্যাবের তৎকালীন কর্মকর্তা ফ্লাইট লে. শেখ মাহমুদুল হাসান আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। গতকাল সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা ইয়াসমিনের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। আদালত আগামী ১৪ অক্টোবর পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন। চট্টগ্রাম আদালত পুলিশের সাধারণ নিবন্ধন শাখার সহকারী উপপরিদর্শক শামীমা খাতুন বলেন, আসামি মাহমুদুল হাসান ১২ সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্ট থেকে নেওয়া দুই মাসের জামিনে ছিলেন। ১২ সেপ্টেম্বর তাঁর আদালতে আত্মসমর্পণের কথা ছিল। কিন্তু ওই দিন অসুস্থতার কারণে তিনি হাজির হতে না পারায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আজ (সোমবার) তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত জামিন মঞ্জুর করেন।গত রোববার এই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু হরতালের কারণে মামলার কার্যক্রম পরিচালিত হয়নি। এই মামলার পরবর্তী শুনানির দিন ১৪ অক্টোবর। চট্টগ্রাম আদালতের পুলিশ পরিদর্শক অনু মং মারমা প্রথম আলোকে বলেন, ‘ফ্লাইট লে. শেখ মাহমুদুল হাসান আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।’ দরবারের টাকা লুটের ঘটনার করা মামলায় গত ২৮ আগস্ট র্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল (বরখাস্ত) জুলফিকার আলী মজুমদার ও তৎকালীন কর্মকর্তা ফ্লাইট লে. শেখ মাহমুদুল হাসানসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। উল্লেখ্য, আনোয়ারার তালসরা দরবার থেকে গত বছরের ৪ নভেম্বর দুই কোটি সাত হাজার টাকা লুট করে র্যাবের একটি দল। এ ঘটনায় গত ১৩ মার্চ তালসরা দরবারের গাড়িচালক ইদ্রিস আলী বাদী হয়ে একটি মামলা করেন।