ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গৃহবধূ কামরুন্নাহার ওরফে তূর্ণা হত্যা মামলার একমাত্র আসামি স্বামী আরিফুল হক ওরফে রনি আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম তৃতীয় আদালতে তিনি আত্মসমর্পণ করেন। বিচারিক হাকিম আয়েশা বেগম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, আরিফুল হকের বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদনের প্রস্তুতি চলছে।
গত ২৪ এপ্রিল উপজেলার চরচারতলা গ্রামে শ্বশুরবাড়ির পরিত্যক্ত পানির ট্যাংক থেকে কামরুন্নাহারের হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকেই আরিফুল হক পলাতক ছিলেন। কামরুন্নাহার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় কামরুন্নাহারের বাবা মফিজুল হক বাদী হয়ে পরদিন আশুগঞ্জ থানায় আরিফুলের বিরুদ্ধে মামলা করেন।
কামরুন্নাহারের বাবা মফিজুল হক বলেন, ‘কামরুন্নাহারকে ২০১২ সালে পারিবারিকভাবে আমার ভাতিজা আরিফুল হকের সঙ্গে বিয়ে দিই। তাদের সাড়ে তিন বছরের একটি মেয়ে আছে। ২৪ এপ্রিল সকালে আরিফুল এসে জানায়, সকাল থেকে কামরুন্নাহারকে পাওয়া যাচ্ছে না। কিছু টাকাও খোয়া গেছে।’
কামরুন্নাহার ঢাকার ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাস করেন। আরিফুল হক এসএসসির গণ্ডিও পেরোননি। কামরুন্নাহার মফিজুল হকের একমাত্র সন্তান ছিলেন। বাবার বিপুল সম্পত্তির ৭৫ শতাংশই তাঁর নামে ছিল।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম কামরুজ্জামান জানান, আদালতে আরিফুলের বিরুদ্ধে রিমান্ডের আবেদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর হত্যার রহস্য বের হবে বলে তিনি আশা করেন। ১৮ মে ‘মেয়ের জন্য বাবার প্রতিবাদ’ এবং ১৫ মে ‘আসামির বাবাও বিচার চান তবু গা-ছাড়া পুলিশ’ শিরোনামে প্রথম আলোয় দুটি প্রতিবেদন ছাপা হয়।