আদালতে আরও এক আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের একমাত্র বিরতিহীন আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস কোচে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মোহাম্মদ মিঠু নামের আরেক যুবক গতকাল বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চট্টগ্রামের বিচারিক হাকিম মাসুদ পারভেজ তাঁর জবানবন্দি নথিভুক্ত করেন।

জবানবন্দিতে মিঠু বলেন, সিএনজিচালিত অটোরিকশায় চড়ে পাঁচ যুবক কদমতলীর অদূরে ফুটপাতে ঘুমিয়ে থাকা তাঁকে ডেকে ওঠান। যুবকেরা মিঠুকে বলেন, ‘ভালো কাজ আছে, ৫০০ টাকা দিমু। তুমি আমাদের সঙ্গে চলো।’ যুবকদের প্রস্তাব পেয়ে ছিন্নমূল মিঠু ঘুম থেকে ওঠেন। ওই সময় মার্শালিং ইয়ার্ড থেকে সুবর্ণ এক্সপ্রেস ধীরগতিতে চট্টগ্রাম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিল।

মিঠু ঘটনার বর্ণনা দিয়ে আদালতে বলেন, ধীরগতির সুবর্ণ এক্সপ্রেসে যুবকেরা তাঁকে (মিঠু) উঠতে বলেন। একপর্যায়ে মিঠু ট্রেনে উঠে একটি কোচের দরজা খোলেন। এরপর বাকি পাঁচজন ওই খোলা দরজা দিয়ে চলন্ত ট্রেনে ওঠেন। ওই যুবকেরা মিঠুর হাতে পেট্রলের বোতল ধরিয়ে দিয়ে সুবর্ণ কোচে ছিটিয়ে দিতে বলেন। মিঠু দুটি কোচে পেট্রল ছিটালে যুবকেরা তাতে আগুন লাগিয়ে দেন। বাকি দুটি কোচে যুবকেরা পেট্রল ঢেলে দেন। তারপর চারটি কোচে আগুন লাগিয়ে খোলা দরজা দিয়ে যুবকেরা দ্রুত কদমতলী ক্রসিং দিয়ে সটকে পড়েন। আর ট্রেনের ভেতরে আটকা পড়েন মিঠু।

মিঠু আদালতে আরও বলেন, একপর্যায়ে সুবর্ণ এক্সপ্রেসের চারটি কোচে আগুন দাউ দাউ করে জ্বলছিল। আগুনের কারণে খোলা দরজার দিকে তাঁর (মিঠু) যাওয়া সম্ভব হয়নি। তাই আগুন লাগেনি সেরকম একটি কোচের কোনায় আশ্রয় নেন মিঠু। পরে স্টেশনের লোকজন তাঁকে ট্রেন থেকে নামিয়ে আটক করে পুলিশে দেন।

গত মঙ্গলবার ভোরে চট্টগ্রাম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় পেট্রল ঢেলে সুবর্ণ এক্সপ্রেসের চারটি কোচে আগুন দেওয়া হয়। এই নাশকতার ঘটনায় মূল হোতাদের মধ্যে ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীর মধ্যে পাঁচজন এখনো গ্রেপ্তার হননি। ঘটনার দিন কেবল ছাত্রশিবিরের নেতা ও চট্টগ্রামের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজগর আহম্মেদ ওরফে এহসান গ্রেপ্তার হন। তিনি গত বুধবার বিচারিক হাকিম মাসুদ পারভেজের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এদিকে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে আরও পাঁচজনকে পর্যায়ক্রমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত বুধবার মিঠু মিয়া ছাড়াও এই পাঁচজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। তাঁরা হলেন এ কে এম ওয়াহেদুজ্জামান, মো. শাহীন উল ইসলাম, ইলিয়াছ হোসেন, মো. মাসুম বিল্লাহ ও সিফাতুল গণি চৌধুরী। রেলওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মূল হোতাদের মধ্যে পুলিশ আজগরকে গ্রেপ্তার করেছে। বাকি পাঁচজন এখনো গ্রেপ্তার হননি। তবে এ ঘটনায় আরও ছয়জনের মধ্যে মিঠু মিয়া আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্যদের রিমান্ডে এনে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।