ছিনতাইয়ে নামার আগে ওষুধ সেবন করে নেন। অতিরিক্ত সেবনে নিজের মধ্যে পাগলামি ভাব হয়। সাহস বাড়ে। আপন-পর চেনা যায় না। সহজে যে কারোর ওপর নির্দয় হওয়া যায়।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও আইনজীবী পলাশ হত্যার দায় স্বীকার করে মো. বিজয় (২০) নামে এক ছিনতাইকারী গতকাল মঙ্গলবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য দেন। কিশোরগঞ্জ আদালতের মুখ্য বিচারিক হাকিম শাহদাৎ হোসেন জবানবন্দি রেকর্ড করেন।
বিজয় ভৈরব পৌর শহরের পঞ্চবটি মহল্লার দুলাল মিয়ার ছেলে।
সহকারী পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) মৃত্যুঞ্জয় দে বলেন, আদালতে বিজয় নিজেকে ছিনতাইকারী হিসেবে পরিচয় দিয়েছেন। গ্রুপ করে তাঁরা ভৈরব শহরে ছিনতাই করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এ এস এম আবুল কালাম আজাদ বলেন, বিজয় শহরের চিহ্নিত ছিনতাইকারী। তাঁর বাবা ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন। এর আগে ১৪ মার্চ ভৈরব পৌর শহরের ভৈরবপুর মহল্লার দুর্ধর্ষ ছিনতাইকারী এই মামলার অন্যতম অভিযুক্ত রূপককে গ্রেপ্তার করা হয়। রূপক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।