আদালতে আরেক আসামির আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলার আসামি আবদুস সবুর ওরফে সবুর আহমেদ গতকাল রোববার স্থানীয় বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। তিনি খানখানাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, ১১ জনকে পুড়িয়ে মারার মামলার সম্পূরক অভিযোগপত্র ১৬ জানুয়ারি আদালত গ্রহণ করেন। একই আদেশে আদালত পলাতক ও অন্তর্বর্তীকালীন জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সম্পূরক অভিযোগপত্রে সবুরের নাম অন্তর্ভুক্ত করে সিআইডি। বাঁশখালী আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) বিকাশ রঞ্জন ধর প্রথম আলোকে বলেন, ৩৯ নম্বর আসামি সবুর আত্মসমর্পণ করেছেন। শুনানির পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ায় সংখ্যালঘু একটি পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যানসহ নতুন আটজনকে অন্তর্ভুক্ত করে ৩৯ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্রু ১১ জানুয়ারি বাঁশখালীর বিচারিক আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।