টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের নেতা রকিবুল ইসলাম ওরফে ফরিদকে হত্যার পরিকল্পনা হয় আওয়ামী লীগের এক নেতার বাসায়। এই হত্যা মামলায় গ্রেপ্তার নাসিরউদ্দিন রানা গতকাল সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন।
নাসিরউদ্দিন রানা ভারই মধ্যপাড়ার আবুল কাশেমের ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গত রোববার নাসিরউদ্দিনকে ভূঞাপুরের কাগমারীপাড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ বলেন, গতকাল আদালতে হাজির করা হলে নাসিরউদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রূপন কুমার দাস জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাঁকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
গত ৬ ডিসেম্বর সকালে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলাকাটা লাশ তাঁর নিজ গ্রাম ভারই মধ্যপাড়ার একটি পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়। ওই দিনই রকিবুলের ভাই ফজলুল করিম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভূঞাপুর থানায় মামলা করেন। ১৫ ডিসেম্বর ফজলুল করিম আদালতে আরও একটি সম্পূরক মামলা করেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা, অপর যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবদুল হামিদ মিয়া ওরফে ভোলা, অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সরকারসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। আদালত থানায় ও আদালতে দায়ের করা মামলা দুটি একসঙ্গে তদন্তের আদেশ দেন।