বগুড়ায় স্কুলছাত্র মাশুক ফেরদৌস হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি আরেক ছাত্রকে গত বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম দিদারুল ইসলাম ওরফে নাঈম। পুলিশের ভাষ্যমতে, নাঈম গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এতে সে বলেছে, পূর্ববিরোধের জেরে মাশুককে কফির সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে দুর্বল করে। পরে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে সে।
তবে মামলার বাদী একে গাঁজাখুরি গল্প বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, প্রকৃত হত্যাকারীদের আড়াল করতেই এ ধরনের গল্প ফাঁদা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাঈমকে বুধবার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। একটি বাসের ছাদে উঠে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল সন্ধ্যায় তাকে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কামরুজ্জামানের আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, মাশুক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাঈম মাটিডালি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং একই মহল্লার বেলাল হোসেনের ছেলে।
এর আগে বুধবার এক প্রতিবাদ সমাবেশে মামলার বাদী মাশুকের বাবা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য ইমদাদুল হক অভিযোগ করেন, আসামি গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ সক্রিয় নয়।
বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজের নবম শ্রেণির ছাত্র মাশুককে গত শনিবার সন্ধ্যায় শহরের মাটিডালি এলাকার বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল, মাটিডালি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী বিরোধের জেরে পরিকল্পিতভাবে মাশুককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাশুকের বাবা ইমদাদুল হক বাদী হয়ে মাটিডালি উচ্চবিদ্যালয়ের সভাপতি মাহবুব হামিদ এবং তাঁর ছোট ভাই ও ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল মিয়া, ছাত্র নাঈমসহ ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
এজাহারে বলা হয়, উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে মনোমালিন্য এবং শত্রুতা থেকেই মাহবুব হামিদ ও মেজবাহুল হামিদ পূর্বপরিকল্পিতভাবে মাশুককে হত্যা করেন।
আদালতের বরাত দিয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, নাঈম স্বীকারোক্তিতে জানিয়েছে, মাসুক ও তাদের বাড়ি পাশাপাশি। এ কারণে নানা বিষয় নিয়ে অনেক আগে থেকেই মাশুকের সঙ্গে তার বিরোধ ছিল। কয়েক দিন আগে মাশুক তাকে মারধর করে। এ কারণে মাশুককে শায়েস্তার পরিকল্পনা করে সে। পরিকল্পনা অনুযায়ী, গত শনি মাশুককে বাসা থেকে ডেকে নিয়ে আসে। এরপর দীর্ঘক্ষণ গল্পগুজব করে। একপর্যায়ে কফির সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে খাইয়ে দেয়। একপর্যায়ে মাশুকের ঝিমুনি আসে। তখন সে লাঠি দিয়ে মাশুকের মাথায় আঘাত করে। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে সে দৌড়ে পালিয়ে যায়।
জানতে চাইলে মামলার বাদী ইমদাদুল হক বলেন, নাঈমের এই স্বীকারোক্তি ‘গাঁজাখুরি গল্প’ ছাড়া আর কিছুই নয়। প্রকৃত হত্যাকারীদের আড়াল করার ষড়যন্ত্র চলছে। নাঈমকে দিয়ে যে আজগুবি গল্প ফাঁদা হচ্ছে, সেটা বিশ্বাসযোগ্য নয়। কারণ, নাঈমের সঙ্গে মাশুকের কোনো বিরোধ ছিল না। তা ছাড়া নাঈমের একার পক্ষে এই হত্যাকাণ্ড ঘটানো কোনোভাবেই সম্ভব নয়।