আদালতে আসামির আত্মহত্যার চেষ্টা
একটি ডাকাতি মামলার আসামি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে মো. স্বপন (২৮) নামের ওই আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁর গলায় ক্ষত ছিল।
পুলিশের দাবি, রাজধানীর রামপুরার পূর্ব উলনের একটি বাসায় ডাকাতির অভিযোগে গত বুধবার স্বপনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের অনুমতি নিয়ে তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, রিমান্ডে থাকাকালে স্বপন ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়। হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামি আদালতের টয়লেটে ঢোকেন। এ সময় আসামি হ্যান্ডকাফ দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনা টের পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাক-কান-গলা বিভাগে স্বপনকে চিকিৎসা দেওয়া হয়। এই বিভাগের এক চিকিৎসক বলেন, রোগীর গলার আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাতে পূর্ব উলনের একটি বাসায় ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাত দলের ছয় সদস্য অস্ত্রের মুখে বাসার বাসিন্দাদের হাত-পা ও মুখ বেঁধে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও সাড়ে চার লাখ টাকা নিয়ে যায়। ঘটনার পর ডাকাতদের ধরতে এগিয়ে গেলে নূর ইসলাম (২৮) নামের ওই বাসার এক বাসিন্দার পায়ে গুলি করে তারা পালিয়ে যায়। ঘটনার রাতেই রামপুরা থানায় একটি মামলা হয়।