আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় তিন পুলিশ হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আইয়ুব আলী (৩৫) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গত রোববার পাবনার বিচারিক হাকিম এ কে আজাদের আদালতে তিনি এই জবানবন্দি দেন। ওই দিনই পুলিশ তাঁকে বেড়ার ঢালারচরের আরেকটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বেড়া থানা সূত্রে জানা যায়, গত ২০ জুলাই তিন পুলিশ হত্যার পর পুলিশ নাদের প্রামাণিক, ওয়াজেদ আলী, আবদুর রহিম, তাজু খাঁ, সায়েম উদ্দিন ও আবদুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার ঢাকার সাভার থেকে আইয়ুব আলীকে গ্রেপ্তার করে বেড়া থানায় আনা হয়। গত রোববার তাঁকে পাবনার বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বলেন, ‘আইয়ুব আলী তিন পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। নিরাপত্তা ও তদন্তের স্বার্থে বিষয়টি গত রোববার প্রকাশ করা হয়নি।’ ওসি জানান, তিন পুলিশ হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।