কিশোরগঞ্জের ভৈরবে রমজান আলী (২২) হত্যাকাণ্ডে গ্রেপ্তার মো. আসিফ (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত শনিবার কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাসলিম আক্তার তাঁর বক্তব্য রেকর্ড করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসিফ ভৈরব পৌরসভার চণ্ডীবের মধ্যপাড়ার মফিজ উদ্দিনের ছেলে। নিজ বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। নিহত রমজান আলী নরসিংদী সদর উপজেলার চম্পকনগর মধ্যপাড়ার আবদুল মজিদ সরকারের ছেলে। ২৯ জুলাই তাঁরা পাঁচ বন্ধু ভৈরবে বেড়াতে এসেছিলেন। বিকেলে মেঘনা নদীর ভৈরব প্রান্তে কয়েকজন বখাটে এক তরুণীকে উত্ত্যক্ত করছিল। তাদের বাধা দেন রমজান। ঘণ্টা খানেক পর বখাটেরা রমজানকে ছুরিকাঘাত করে হত্যা করে।
জবানবন্দিতে আসিফ বলেন, রমজানকে ছুরি দিয়ে প্রথম আঘাত করেন ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার হৃদয় (২৫) নামের এক তরুণ। পরে তাঁর সহযোগী একই এলাকার শিশির (১৯) নামের আরেক তরুণ রমজানকে ছুরিকাঘাত করেন। নদীর পাড়ে হৃদয় মেয়েদের উত্ত্যক্ত করছিলেন। রমজান ও তাঁর সঙ্গে আসা বন্ধুরা মেয়েটিকে রক্ষা করতে এগিয়ে এলে হৃদয় খেপে ওঠেন। হৃদয় পূর্বপরিচিত হওয়ায় তাঁর (আসিফ) মুঠোফোন চেয়ে নিয়ে শিশিরসহ বেশ কয়েকজনকে ফোন দেন। পরে তাঁরা এলে রমজানের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে হৃদয় ও তাঁর সহযোগী ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করেন।
থানা-পুলিশ সূত্র জানায়, মেঘনা নদীর ভৈরব প্রান্তে বেড়াতে এসে রমজান এবং ছয় দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রান্তে বেড়াতে এসে একইভাবে রাজু মিয়া (২২) নামের আরেক তরুণ খুন হন। দুটি খুনই হয়েছে হৃদয়ের নেতৃত্বে।