মানিকগঞ্জে কলেজছাত্রী সুপ্রিয়া সরকার হত্যা মামলার এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার বিকেলে বিচারিক হাকিম ইয়াছমিন আরার আদালতে রনজিৎ রনো নামের ওই আসামি এ জবানবন্দি দেন।
এদিকে তিন দিনের রিমান্ড শেষে গতকাল সুপ্রিয়ার স্বামী, শ্বশুর ও শাশুড়ির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে সুপ্রিয়া সরকারের (২২) লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় একই দিন সুপ্রিয়ার বাবা সুকুমার সাহা জামাতা দীপাঞ্জন সাহা, শ্বশুর দিলীপ সরকার, শাশুড়ি গীতা সরকারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। ওই দিনই তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড চেয়ে তিন আসামিকে মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে বৃহস্পতিবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পূর্ব দাশড়া এলাকা থেকে রনজিৎ রনো (২২), বিষ্ণু পাল (২৪) ও মহাদেব সাহাকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই পুলিশ এ তিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে একই আদালতে আবেদন করে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়ার দুদিন পর গতকাল বিকেল চারটার দিকে আদালতে হাজির করা হয় রনজিৎকে। এ সময় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী প্রথম আলোকে বলেন, জবানবন্দিতে ওই আসামি হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তবে তদন্তের স্বার্থে হত্যায় জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় তিনি জানাননি।