আদালতে একজনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত বুধবার ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া রাজমিস্ত্রি মোহাম্মদ জসিম গতকাল চট্টগ্রামের বিচারিক হাকিমের আদালতে দেওয়া জবানবন্দিতে স্থানীয় দুই ব্যক্তির পরামর্শে ধর্মীয় স্থাপনার দেয়ালের অংশবিশেষ ভেঙে দেওয়ার কথা স্বীকার করেন।পুলিশ স্থানীয় ওই দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: মো. এমদাদুল্লাহ ও মো. লোকমান। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন: মো. আবদুল করিম, মো. ফরিদ, মো. মনজুর আলম, মোহাম্মদ শফি, মো. আবু তাহের, মো. ওসমান ও মো. বাদশা। তাঁরা নন্দীরহাট ও আশপাশের এলাকার বাসিন্দা।জবানবন্দিতে রাজমিস্ত্রি জসিম বলেন, ‘এমদাদুল্লাহ (৩৫) ও মো. লোকমান (৪০) ৯ ফেব্রুয়ারি গভীর রাতে আমার বাড়িতে যান। তাঁরা একটি হাতুড়ি হাতে দিয়ে আমাকে স্থানীয় মসজিদের দেয়ালের কিছু অংশ ভেঙে দিয়ে আসতে বলেন। পরদিন আমাকে ৫০ টাকা দেওয়া হয়।’চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় নন্দীরহাটে বাইরের কিছু সন্ত্রাসী একটি মন্দির ভাঙচুর করে। এ ঘটনার মামলা থেকে রক্ষা পেতে স্থানীয় এমদাদুল্লাহ ও লোকমান রাজমিস্ত্রি জসিমের মাধ্যমে একটি মসজিদের দেয়ালের অংশবিশেষ ভাঙচুর করান।অতিরিক্ত পুলিশ সুপার নজরুল বলেন, হাটহাজারীতে ১০ ফেব্রুয়ারির ঘটনায় বাইরের লোকজনের সম্পৃক্ততা ছিল, যার পেছনে বিশেষ উদ্দেশ্য ছিল। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, তদন্তে মোহাম্মদ জসিম নামের একজন রাজমিস্ত্রির নাম পাওয়া যায়। বুধবার বিকেলে তাঁকে আটক করা হয়। এরপর তিনি পুরো ঘটনার বর্ণনা দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এমদাদুল্লাহ, লোকমানসহ অন্যদের গ্রেপ্তার করা হয়।বাবুল আক্তার বলেন, নন্দীরহাটের ঘটনাটি ছিল পরিকল্পিত। অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এটা করা হয়েছে, প্রাথমিক তদন্তে যার প্রমাণ পাওয়া যাচ্ছে।