চট্টগ্রাম নগরের পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিলের নির্দেশ স্থগিত করেছেন উচ্চ আদালত। গত সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও আশীষ রঞ্জন দাশের বেঞ্চ এসব স্থগিতাদেশ দিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ৯ এপ্রিল নগরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেরন সান স্কুল অ্যান্ড কলেজ, মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, চিটাগাং আইডিয়াল হাইস্কুল, বাংলাদেশ এলিমেন্টরি স্কুল ও মির্জা আহম্মেদ ইস্পাহানী উচ্চবিদ্যালয়। স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালা না মানায় এসব প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করতে ৬ এপ্রিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে মন্ত্রণালয়ের এই নির্দেশনাকে চ্যালেঞ্জ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গত সপ্তাহের বিভিন্ন সময়ে হাইকোর্টে রিট করে। ১০ এপ্রিল চিটাগাং আইডিয়াল স্কুল, মেরন সান স্কুল অ্যান্ড কলেজ ও মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ যৌথভাবে হাইকোর্টে রিট করে। বাংলাদেশ এলিমেন্টরি স্কুল ১১ এপ্রিল ও মির্জা আহম্মেদ ইস্পাহানী উচ্চবিদ্যালয় ১৩ এপ্রিল রিট করে।
পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উচ্চ আদালত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক স্বীকৃতি বাতিলের নির্দেশ আগামী ৭ মে পর্যন্ত স্থগিত করেছেন। ওই দিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আদালতের আদেশের ফলে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা রইল না।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিলের নির্দেশ স্থগিত করেছেন বলে শুনেছি। তবে এখন (গতকাল দুপুর) পর্যন্ত একটি প্রতিষ্ঠানের (চিটাগাং আইডিয়াল হাইস্কুল) কাগজপত্র পেয়েছি। বিষয়টি আইনগতভাবেই মোকাবিলা করা হবে।’
চিটাগাং আইডিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী মুহাম্মদ ইউছুফ ও মির্জা আহম্মেদ ইস্পাহানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, আদালতের স্থগিতাদেশের পর থেকে তাঁদের প্রতিষ্ঠানে শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে।