আদালতে এসে তরুণ ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে মামলার হাজিরা দিতে এসে আদালত এলাকায় গতকাল সোমবার দুপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্বপন মিয়া (২২) নামের এক তরুণ। সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতাবস্থায় তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে নগরের জিন্দাবাজার এলাকা থেকে হামলাকারী সন্দেহে একজনকে আটক করেছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল সকালে পরিবেশ অধিদপ্তরের একটি মামলায় স্বপনসহ ১৩ জন হাজিরা দিতে যান। স্বপন ওকালতনামায় সই করতে দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের বারান্দায় এলে ১০-১২ জন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়।

স্বপনের চাচা জয়নাল জানান, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন আহতাবস্থায় স্বপনকে উদ্ধার করে তাঁদের খরব দেন। পরে ঘটনাটি আদালত এলাকায় কর্তব্যরত পুলিশকে মৌখিকভাবে জানিয়ে তাঁকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার একদল পুলিশ হামলাকারী শনাক্ত করতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর জিন্দাবাজার এলাকা থেকে শাহ শামীম ওরফে টাইগার শামীম নামে একজনকে আটক করে থানাহাজতে পাঠিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার এসআই আনোয়ারুল হক জানান, এ ঘটনায় শামীম নামে একজনকে আটক করা হয়েছে।