আদালতে কারণ ব্যাখ্যা দিয়েছে র্যা ব ও পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মৃত ব্যক্তিকে হত্যা ও অস্ত্র মামলায় আসামি করায় আদালতে কারণ ব্যাখ্যা দিয়েছে র‌্যাব ও পুলিশ। গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন ওরফে জসীমের নাম উঠে আসায় তাঁকে মামলায় আসামি করা হয়। আসামিদের গুলিতে নিহত ব্যক্তি আনোয়ার হোসেন, তা জানা ছিল না র‌্যাবের।
গতকাল রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে লিখিত কারণ ব্যাখ্যা করে র‌্যাব ও পুলিশ। এর আগে গত ২৩ জুলাই একই আদালত র‌্যাব ও পুলিশের কাছে কারণ ব্যাখ্যা চেয়েছিলেন কেন মৃত ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারী থানায় গত ২১ জুলাই র‌্যাব-৭-এর উপসহকারী পরিচালক রহমত উল্লাহ বাদী হয়ে সরকারি কাজে বাধাদান ও হত্যার অভিযোগে একটি এবং র‌্যাবের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেন। দুই মামলায় জেলার রাউজানের নোয়াজিশপুর নদীমপুর এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন ওরফে জসীমকে আসামি করা হয়। কিন্তু জসীম ওই দিন ভোরে হাটহাজারীর লাঙ্গলমোড়া এলাকায় আসামিদের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। র‌্যাবের দায়ের করা মামলার এজাহারে তা উল্লেখ রয়েছে। মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) আসামির কলামেও দুই মামলায় জসীমের নাম রয়েছে।
র‌্যাব কর্মকর্তা রহমত উল্লাহ আদালতকে লিখিতভাবে জানান, গ্রেপ্তার কয়েকজন আসামির স্বীকারোক্তিতে আনোয়ার হোসেন জসীমের নাম উঠে আসায় তাঁকে দুই মামলায় আসামি করা হয়েছে। আসামিদের গুলিতে মারা যাওয়া ব্যক্তি আনোয়ার হোসেন কি না, তা নিশ্চিত ছিল না র‌্যাব। পরে লোকমুখে শোনা যায় আনোয়ার হাসপাতালে মারা গেছেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল কারণ ব্যাখ্যায় আদালতকে জানান, মামলাটি এখনো তদন্তাধীন থাকায় আসামি মৃত হওয়ায় অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে।