আদালতে ক্ষমা চাইলেন সাজাপ্রাপ্ত বাছেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের বিচারের সময় গতকাল শনিবার ঘটনার দিন দরবার হলের পরিস্থিতি উঠে আসে। বিচার চলাকালে আদালত অবমাননার জন্য সাজা পাওয়া জওয়ান আবদুল বাছেত গতকাল তাঁর আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। আদালত তাঁকে আগামী ধার্য দিনে বিষয়টি লিখিতভাবে জানানোর আদেশ দিয়েছেন। ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য বুধবার বাছেতকে ছয় মাসের কারাদণ্ড দেন বিশেষ আদালত।বিডিআর দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এ গতকাল বিচারকাজ শুরু হয় সকাল নয়টায়। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম আদালতে সভাপতিত্ব করেন। এই আদালতে ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিচার চলছে। গতকাল প্রথমেই আগের দিন অসমাপ্ত থাকা হাবিলদার নুরুল ইসলামের জেরা শুরু হয়। নুরুল ছিলেন এই মামলার ১৯তম সাক্ষী। তাঁকে জেরা করেন মামলার ১০ জন আসামি। গত বৃহস্পতিবার এই ১০ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন তিনি। এরপর সাক্ষ্য দেন মামলার ২০তম আসামি সেপাই ফজলুল হক। মেজর মমিনুল ইসলামকে জওয়ানরা কী রকম নৃশংসভাবে খুন করেছেন তার বিবরণ দেন তিনি। ফজলুল বলেন, বিদ্রোহের দিন সকালে মেজর মমিন নিরাপদ আশ্রয়ের জন্য দরবার হল থেকে বেরিয়ে ২৪ নম্বর ব্যাটালিয়নের দিকে যাচ্ছিলেন। এ সময় আল মাসুমসহ পাঁচ-ছয়জন সেপাই দৌড়ে দরবার হলের দিকে আসছিলেন। তাঁরা মেজর মমিনকে দেখামাত্র তাঁকে ঘিরে ফেলেন। সেপাই আল মাসুম মেজর মমিনকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁর সঙ্গে থাকা বিদ্রোহীরা উল্লাস প্রকাশ করতে করতে দরবার হলের দিকে চলে যান।সাক্ষ্য দেওয়ার পর ফজলুল হককে ২১ জন আসামি জেরা করেন। দুপুর একটার দিকে জেরা অবশিষ্ট রেখে আদালত মুলতবি ঘোষণা করা হয়। বাকি আসামিরা মামলার পরবর্তী দিন তাঁকে জেরা করবেন। আসামিদের মধ্যে নায়েক বি এম আফজাল অসুস্থতার কথা বলে জামিনের আবেদন করেন। আদালত তাঁকে জামিন না দিয়ে চিকিৎসা নিশ্চিত করার জন্য কারা প্রশাসনকে আদেশ দেন। আদালতের কার্যক্রম শেষ হওয়ার পরপরই জওয়ান বাছেত ক্ষমা চাইলে আদালত পরবর্তী তারিখ ৭ ডিসেম্বর (মঙ্গলবার) তাঁকে লিখিত ক্ষমা প্রার্থনা করতে আদেশ দেন। আদালতের কার্যক্রমের পর ব্রিফিংয়ে ২৪ রাইফেলের প্রসিকিউটর লে. কর্নেল শামছুর রহমান বলেন, আসামিদের কয়েকজন দরবার হলে থাকার অভিযোগ অস্বীকার করলেও সেটা সঠিক নয়। অস্ত্র উদ্ধার: ২৪ ব্যাটালিয়ন সৈনিক লাইনের তিনতলা ভবনের কার্নিশ থেকে গতকাল একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।