আদালতে ক্ষমা চাইলেন সেই পুলিশ কর্মকর্তা
কারাগারে থাকা হাসান তারেক ওরফে নীরব (৩০) নামের এক যুবককে ডাকাতির প্রস্তুতির মামলায় আসামি করায় আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পুলিশের এক কর্মকর্তা।
পুলিশের ওই কর্মকর্তা হলেন চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। গতকাল মঙ্গলবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে। পরে আদালত লিখিতভাবে ক্ষমা চাইতে বললে তিনি লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা করেন।
৮ অক্টোবর শুধু প্রথম আলোতে ‘পুলিশের কাণ্ড’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। আদালত এসআই জাহাঙ্গীর আলমকে সশরীরে হাজির হয়ে এর কারণ ব্যাখ্যা করতে বলেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পাবলিক প্রসিকিউটর কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় কারাগারে থাকলেও পুলিশ ডাকাতির প্রস্তুতির মামলায় হাসান তারেক নামের এক যুবককে গ্রেপ্তার দেখায়। বিষয়টি তাঁর আইনজীবী আদালতের কাছে তুলে ধরলে আদালত ওই যুবককে জামিনে মুক্তির আদেশ দেন এবং দায়ী পুলিশের কাছে কারণ ব্যাখ্যা করতে বলেন। এরই পরিপ্রেক্ষিতে ওই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে ক্ষমা চান। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিস্তারিত আদেশ বিচারক বুধবার (আজ) দেবেন।’
আদালতে হাজির হয়ে ক্ষমাপ্রার্থনার কথা স্বীকার করে এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘অনিচ্ছাকৃতভাবে ভুল হয়েছে আমার। তাই লিখিতভাবে ক্ষমা চেয়েছি।’
মামলার নথিতে দেখা গেছে, চলতি বছরের ২৪ মার্চ নগরের পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযানে নামে পাঁচলাইশ থানার পুলিশ। পরে অভিযান চালিয়ে ওই এলাকার একুশে হাসপাতালের সামনে থেকে রাতে ছয়জনকে আটক করা হয়। এ সময় পালিয়ে যায় সাতজন। এ ঘটনায় ওই থানার এএসআই রূপেন কান্তি দে বাদী হয়ে পাঁচলাইশ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন ওই থানার এসআই জাহাঙ্গীর আলম। তিনি এ মামলায় সন্দিগ্ধ আসামি উল্লেখ করে গত ২২ সেপ্টেম্বর তারেক হাসানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাতে তিনি উল্লেখ করেন, হাসান তারেক ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। পরে আদালত তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এ আদেশ পাওয়ার পর তারেকের আইনজীবী আদালতে তাঁকে জামিনে মুক্তি এবং ঘটনার সময় তারেক কারাগারে ছিলেন উল্লেখ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।