আদালতে ক্ষমা চেয়েই পুলিশের দায় শেষ?
আসামি না হয়েও পুলিশের ভুলে সাজা খাটলেন আনিসুর রহমান ওরফে মিলন নামের এক ব্যক্তি। তবে আদালতে ভুলের ক্ষমা চেয়ে পার পেলেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটেছে।
আদালত সূত্রে জানা যায়, ৯ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার পরোয়ানায় আনিসুর রহমানকে গ্রেপ্তার করে টাঙ্গাইল থানা-পুলিশ। জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে তাঁকে টাঙ্গাইল কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আসামির গ্রেপ্তার-সংক্রান্ত নথি ঢাকার আদালতে পাঠান।
আনিসুর রহমান ওরফে মিলনের আইনজীবী মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকার আদালত থেকে যে মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁর বাড়ি টাঙ্গাইল জেলার পশ্চিম আকুরটাকুর পাড়ায়, পিতার নাম আবুল হোসেন। আর যে মিলনকে আটক করা হয়েছে, তাঁর বাড়ি টাঙ্গাইলের কাগমারায়, পিতা মৃত আবুল। এখন টাঙ্গাইল থানার সহকারী উপপরিদর্শক জাফিউল ইসলাম বলছেন, আংশিক নামের মিলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ১২ মার্চ ঢাকার আদালতে মিলনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী। আটক মিলনের জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, ব্যবসায়িক সনদপত্র আদালতে দাখিল করা হয়। আদালত জামিনের আবেদন নাকচ করে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শেখ ফরিদকে ১১ এপ্রিল প্রতিবেদন দাখিলের আদেশ দেন। তবে আদালতের নতুন আদেশের পর টাঙ্গাইল কারাগার থেকে গতকাল মিলনকে মুক্তি দেওয়া হয়।
আইনজীবী মশিউর রহমান আরও বলেন, আদালতের আদেশ পাওয়ার পর পরই পুলিশ ভুল স্বীকার করে ২১ মার্চ আদালতে প্রতিবেদন দিয়ে আসামির মুক্তির আদেশের আবেদন করে। আর ভুলের জন্য আদালতে ক্ষমা চায়। আদালত আটক মিলনকে মুক্তির আদেশ দেন। কিন্তু নিরপরাধ মিলনের কারাবাসের দায় কে নেবে?
মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, সাভার এলাকা থেকে ২০১১ সালের ১০ জুন রাজু আহমেদ ও মিলনকে পুলিশ মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার থানায় এ মামলা করে। ঘটনার সময় গ্রেপ্তার দুই আসামি হাইকোর্ট থেকে জামিন নেন। আসামি মিলন জামিনে পলাতক। গত বছরের ১৪ সেপ্টেম্বর মো. মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।