খালেদা জিয়ার দুই দুর্নীতি মামলার শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির দুটি মামলার শুনানি পিছিয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৮ মে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির তারিখ রাখা হয়েছে ২৭ এপ্রিল।

আজ বৃহস্পতিবার ঢাকার পৃথক দুই বিচারক এ দিন ধার্য করেন। এর আগে বেলা ১১টা ৭ মিনিটে আদালতে আসেন খালেদা জিয়া। দুপুর সাড়ে ১২টার দিকে আদালত চত্বর ত্যাগ করেন তিনি। মামলা দুটির বিচার চলছে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল প্রথম আলোকে বলেন, শুনানির শুরুতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থার আবেদন করেন। মামলাটি অন্য আদালতে বদলির আদেশ চেয়েও আবেদন করা হয়। আদালত ওই আবেদন না মঞ্জুর করে আগামী ১৮ মে শুনানির পরবর্তী দিন ধার্য করেন। আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে আবেদন জানান। এই মামলার বিচারক দুদকের মহাপরিচালক ছিলেন। তাই তিনি এ মামলা শুনতে পারেন না। আদালত এ আবেদন নাকচ করে পরবর্তী শুনানির দিন ঠিক করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে বিচারাধীন আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে বিচারাধীন।