আদালতে খালেদা জিয়া
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার ধার্য দিনে আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার এই মামলায় তাঁর আত্মপক্ষ সমর্থনের কথা রয়েছে।
২০১০ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করে। মামলার অপর তিন আসামি হলেন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিস চৌধুরীর সহকারী একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম।
আজ বেলা ১১টায় বকশীবাজারে বিচারক আবু আহমেদ জমাদারের বিশেষ জজ আদালতে হাজির হন খালেদা জিয়া। আত্মপক্ষ সমর্থনের জন্য আর আগে আদালত পাঁচটি তারিখ ধার্য করেন। কিন্তু সেই তারিখে আদালতে হাজির হননি সাবেক এই প্রধানমন্ত্রী। সর্বশেষ গত ১৯ মে ধার্য তারিখে হাজির না হওয়ায় আদালত খালেদার আইনজীবীদের জানিয়ে দেন, ২ জুন হাজির না হলে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
এই একই আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীত মামলা বিচারাধীন আছে।