আদালতে খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দুটি মামলায় আত্মপক্ষ সমর্থনে আজ বৃহস্পতিবার আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি ঢাকা ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে শুরু হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দেওয়ার দিনও ধার্য আছে। গত সোমবার ওই আদালতের বিচারক এই শুনানির দিন ধার্য করেন।
আজ বেলা ১১টা ২৫ মিনিটে আদালতে হাজির হন খালেদা জিয়া। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে গত সোমবার আদালতে হাজির হয়েছিলেন তিনি। গত ২৬ জানুয়ারি এই মামলার আরও দুজনের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়। ওই দিন আদালত খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিলেন। আত্মপক্ষ সমর্থনের দিন আদালতে হাজির না থাকায় মামলার আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সেদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।