জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা তিনটি লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি ১৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। তাঁর আইনজীবীর করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ তারিখ ধার্য করেন।
এদিকে গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে করা ওই দুটি মামলার শুনানির জন্য ২৪ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় গতকাল এ তারিখ ধার্য করেন।
এই দুই মামলায় গতকাল বেলা ১১টার দিকে বকশীবাজারের আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে হাজির হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর বিরুদ্ধে সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন। তবে খালেদা জিয়া সময়ের আবেদন করেন। তাঁর উপস্থিতিতে প্রায় এক ঘণ্টা ধরে শুনানি হয়। পরে আদেশ দেন আদালত।
আদালত বলেন, আপিল বিভাগে এই মামলা দুটি নিয়ে একটি শুনানি চলমান। মহামান্য আদালতের ওই বিষয়টি আমলে নিয়ে মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ২৪ নভেম্বর। এজলাসে উপস্থিত খালেদা জিয়ার উদ্দেশে আদালত বলেন, ‘আপনি উপস্থিত থাকলে আদালতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।’
শুনানিকালে আদালতে রাষ্ট্রপক্ষের এক আইনজীবী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা আশা করব, মামলার প্রত্যেক নির্ধারিত দিনে আপনি আদালতে হাজির হবেন।’
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকেই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের বাইরে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন।
লিভ টু আপিল শুনানি ১৬ নভেম্বর: ওই দুটি মামলার ক্ষেত্রে খালেদা জিয়ার করা তিনটি লিভ টু আপিলের শুনানি ১৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। লিভ টু আপিল শুনানির জন্য গত ২৬ অক্টোবর আপিল বিভাগ ৬ নভেম্বর দিন ধার্য করেন। এর ধারাবাহিকতায় আবেদনগুলো শুনানির জন্য আসে।
আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রস্তুতির জন্য সময়ের আবেদন জানান। এর বিরোধিতা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশীদ আলম খান। পরে আদালত ১৬ নভেম্বর দিন ধার্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনালের মাহবুবে আলম এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ অভিযোগ গঠন করেন। এই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা রিট ২৩ এপ্রিল হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে ৭ জুলাই তিনি লিভ টু আপিল করেন। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ক্ষেত্রে করা আবেদনের শুনানির দিন ধার্যের জন্য খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন জানালে ১৪ অক্টোবর অবকাশকালীন চেম্বার বিচারপতি ২৭ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। তবে এ তারিখ এগিয়ে আনার জন্য ১৬ অক্টোবর দুদক একটি আবেদন করে। শুনানি নিয়ে ১৯ অক্টোবর চেম্বার বিচারপতি আবেদন ২৩ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। শুনানির পর আপিল বিভাগ দুদকের আবেদনের ওপর ২৬ অক্টোবর আদেশের দিন ধার্য করেন।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে (রুল ডিসচার্জ) ২০১১ সালের ১৪ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে ২০১২ সালে খালেদা জিয়া একটি লিভ টু আপিল করেন। এটিসহ ওই দুটি মামলায় খালেদা জিয়ার করা দুটি আবেদন ২৬ অক্টোবর কার্যতালিকায় ছিল। ওই দিন আদালত ৬ নভেম্বর শুনানির দিন ধার্য করেন।
মামলা: জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। মামলায় দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক।