জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপনের দিন ধার্য থাকলেও তিনি বক্তব্য দেননি। তাঁর আইনজীবীরা আরও দুদিন সময় প্রার্থনা করেন। তাঁরা মামলাটি পুনঃ তদন্তেরও আবেদন জানান। আদালতকক্ষে দুই পক্ষের আইনজীবীরা দীর্ঘ বিতণ্ডায় জড়িয়ে পড়লে আদালত আবেদন শুনানির জন্য ২ ফেব্রুয়ারি ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ট্রাস্টের টাকা খালেদা জিয়া দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন এমন অভিযোগ কেউ করেনি। মামলার অভিযোগে উল্লেখিত টাকা ট্রাস্টে দিয়েছেন একজন আমির। সেই ট্রাস্টের প্রধান খালেদা জিয়া। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা চলার সুযোগ নেই।
এত দিন পর আবেদন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আত্মপক্ষ সমর্থনের বক্তব্য প্রস্তুত করার সময় এ বিষয়গুলো আমাদের নজরে এসেছে। তাই এখন করা হয়েছে।’
আদালতে খালেদা জিয়া
খালেদা জিয়া গতকাল সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ উপস্থিত হন। তাঁর পক্ষে আইনজীবী আবদুর রেজ্জাক খান আদালতকে বলেন, মামলাটি সঠিকভাবে তদন্ত করা হয়নি। তাই পুনঃ তদন্তের প্রয়োজন রয়েছে। এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন আদালতকে বলেন, আসামিপক্ষ বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে মামলার বিচারকাজ বিলম্ব করতে চাইছে। খালেদা জিয়ার আইনজীবীরা পুনঃ তদন্তের আবেদনের বিষয়ে বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরেন এবং মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন জানান।
খাবারের বিরতির পর বেলা আড়াইটার দিকে বিচারক এজলাসে ওঠেন। খালেদা জিয়ার আইনজীবীরা তখন আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপনের জন্য দুদিন সময় চান। দুদকের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষ আইনগত বিষয়ে তাঁদের যুক্তিতর্ক তুলে ধরেন। বাগ্বিতণ্ডার এক পর্যায়ে আদালত দুদিন মামলার কার্যক্রম মুলতবি করেন। একই সঙ্গে ২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পক্ষে করা আবেদনের শুনানির দিন ধার্য করেন।
এই মামলার আসামি খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
একই আদালতে ২ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিরও দিন ধার্য রয়েছে।