হবিগঞ্জের মাধবপুর উপজেলার বীর সিংহপাড়া গ্রামে মা-মেয়েসহ তিন খুনের ঘটনায় গতকাল বুধবার মামলা হয়েছে। এ মামলার একমাত্র আসামি তাহের উদ্দিন হবিগঞ্জ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, নিহত জাহানারা বেগমের (৪৫) বোনের স্বামী মোহন মিয়া বাদী হয়ে গতকাল সকালে মাধবপুর থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর পালাতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক তাহেরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়।
আদালত পুলিশের পরিদর্শক কাজী কামাল হোসেন বলেন, বেলা দুইটার দিকে তাহেরকে হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এরপর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা তিন ঘণ্টা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামসাদ বেগম। জবানবন্দিতে আসামি তাহের বলেন, তিনি কুয়েত ও গ্রিসে ১০ বছর থাকাকালে বিভিন্ন সময়ে ভাবি জাহানারা বেগমের কাছে ২২ লাখ টাকা পাঠান।
সম্প্রতি দেশে ফেরার পর ওই টাকা চাইলে তা দিতে টালবাহানা শুরু করেন ভাবি। এ ছাড়া সম্প্রতি জমি বিক্রি করে তিনি মালয়েশিয়ায় যাওয়ার জন্য এক ব্যক্তির কাছে টাকা দেন। ওই ব্যক্তির প্রতারণার শিকার হয়ে ঢাকা থেকে গ্রামে ফিরলে এ নিয়ে ভাবি জাহানারা প্রায়ই তাঁকে উপহাস করতেন।
এসব কারণে তিনি ভাবিকে হত্যার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার রাতে ভাবিকে ছুরিকাঘাতের সময় তাঁর মেয়ে শারমিন আক্তার (২৬) ও প্রতিবেশী শিমুল মিয়া (২৫) এগিয়ে এলে তাঁদেরও ছুরিকাঘাত করেন তিনি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন বলেন, জবানবন্দি গ্রহণ শেষে আসামি তাহের উদ্দিনকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠান বিচারক। তিনি আরও বলেন, হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল রাতে লাশ তিনটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জানাজা শেষে রাতেই পারিবারিক কবরস্থানে লাশগুলো দাফন করা হয়েছে।
মাধবপুর উপজেলার বীর সিংহপাড়া গ্রামের সৌদিপ্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা, মেয়ে শারমিন ও প্রতিবেশী শিমুল গত মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে খুন হন। আসামি তাহের উদ্দিন হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাঁকে আটক করে পুলিশে দেন।