আদালতে খোকা, ২০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে আজ বৃহস্পতিবার পৃথক দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড চেয়ে মুখ্য মহানগর হাকিম আবদুস সালামের আদালতে হাজির করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খোকার বিরুদ্ধে গত বৃহস্পতিবার শাহবাগে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা ও রমনা এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় আজ ২০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
এর আগে আজ দুপুর সোয়া ১২টার দিকে সাদেক হোসেন খোকাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, খোকার বিরুদ্ধে অবরোধে গাড়ি পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল বুধবার রাত ১০টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে সাদেক হোসেন খোকাকে আটক করা হয়।