আদালতে গাঁজার গন্ধ এল কীভাবে?

‘ভাই, এটা তো গাঁজার গন্ধ! আদালতে গাঁজার গন্ধ এল কীভাবে?’
সম্প্রতি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ প্রশ্ন করেন ফরিদ নামের এক ব্যক্তি। একটি মামলাবিষয়ক কাজে আদালতে আসেন তিনি। তাঁর এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল, সত্যিই ভবনের পশ্চিম প্রান্তে খোলা জায়গা থেকে ধোঁয়া আসছে। সঙ্গে ভয়ানক কটু গন্ধ। জানা গেল, জব্দ করা গাঁজা পোড়ানো হচ্ছে। প্রতি বৃহস্পতিবার এ কাজটি করা হয়।
দেখা গেল, আদালত পুলিশের উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন নাকে রুমাল চেপে বসে আছেন। তাঁর মতো আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার নাকে রুমাল। ধোঁয়া আর ঝাঁজ সইতে না পেরে ছটফট করছেন তাঁরা। চেয়ার ছেড়ে উঠে যাচ্ছেন, আবার এসে বসছেন। আদালত চত্বরে থাকা অনেকে দূরে সরে যাচ্ছেন। রাস্তার পথচারীরা পর্যন্ত নাক চেপে যাচ্ছেন।
এ ব্যাপারে আদালত পুলিশের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রতি বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ভবনের গোড়ায় মামলার আলামত হিসেবে জব্দ করা গাঁজা পোড়ানো হয়। গাঁজার গন্ধে সিএমএম কোর্ট এলাকায় থাকা অসম্ভব হয়ে পড়ে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।

আদালত ভবনের ওই স্থানে শত শত কেজি গাঁজা পোড়ানো হয়। কাজটি অবশ্য আদালতের নির্দেশেই করা হয়। গাঁজা পোড়ানোর সময় আদালতে কর্মরত বিচারক, কর্মচারী, আদালত পুলিশের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের অস্বস্তির মধ্যে পড়তে হয়। গাঁজার গন্ধে টিকতে না পেরে মামলা-সংশ্লিষ্ট ব্যক্তিরা তখন আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
আদালতের কয়েকজন কর্মচারী বলেন, ‘খোলা জায়গায় গাঁজা পোড়ানোর কারণে পরোক্ষভাবে গাঁজার ধোঁয়ায় শ্বাস টানতে হচ্ছে।’
গাঁজা পোড়ানোর দায়িত্বে থাকা পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আনোয়ার প্রথম আলোকে বলেন, চুল্লি না থাকায় উন্মুক্তভাবে গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার এ এইচ এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, কিছু দিন পর গাঁজাসহ মাদক আর খোলা জায়গায় ধ্বংস করা হবে না। আদালতের পেছনে চুল্লি নির্মাণের কাজ চলছে। সেখানে গাঁজাসহ অন্যান্য আলামত ধ্বংস করা হবে।