আদালতে গিয়ে প্রতারণা ধরা পড়ে কারাগারে
মামলার শুনানির দিন ছিল গত সোমবার। আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করছিলেন। আলী হোসেন নামের এক যুবক আসামি জাহাঙ্গীর মিয়ার পক্ষে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। আদালতে আসামির নাম ধরে ডাকলে আলী হোসেন নিজেকে জাহাঙ্গীর বলে পরিচয়ও দেন।
শুনানি শেষে আদালত এক নম্বর আসামি জাহাঙ্গীর বাদে সব আসামির জামিন মঞ্জুর করেন। এ সময় আলী হোসেন তাঁর প্রকৃত পরিচয় দেন। সিলেটের মুখ্য বিচারিক হাকিম (তৃতীয়) আদালতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার সিলেট কোতোয়ালি থানায় একটি প্রতারণা মামলা করে আটক আলী হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আলী হোসেনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে। একটি মামলার আসামি জাহাঙ্গীর মিয়া, হিরণ মিয়া, ফরহাদ মিয়াকে আদালতে স্বেচ্ছায় হাজির করে জামিন প্রার্থনা করেন তাঁদের পক্ষের আইনজীবী। জাহাঙ্গীর এক নম্বর আসামি হওয়ায় আদালত তাঁর জামিন নামঞ্জুর করে বাকিদের জামিন দেন। এ সময় ‘আমি জাহাঙ্গীর নই, আলী হোসেন...’ বলে কান্নাকাটি শুরু করলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।
এএসআই মুজিবুল রহমান জানান, আদালতের নির্দেশে আলী হোসেনকে ওই দিনই আটক করে কারাগারে রাখা হয়।