আদালতে গিয়ে বিফল চিটাগং কিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরিশাল বার্নার্সকে সেমিফাইনাল খেলানোর বৈধতা চ্যালেঞ্জ করে ও ফাইনালের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে গতকাল বুধবার দুপুরে রিট করে চিটাগং কিংস। তবে তা থেকে কোনো ফল পায়নি তারা।এর আগে বিপিএলের প্রথম সেমিফাইনাল খেলাটি অবৈধ ও বেআইনি ঘোষণা চেয়ে নিম্ন আদালতে মামলা করে চিটাগং কিংস।বিপিএলের ফাইনাল শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে চিটাগং কিংসের পক্ষে ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী সামীর কাদের চৌধুরী ওই রিট আবেদনটি করেন। এতে যুব ও ক্রীড়াসচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়।বেলা আড়াইটার দিকে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি তুলে ধরেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। আদালত তিনটায় শুনানির জন্য সময় নির্ধারণ করেন। পরে সাড়ে তিনটার দিকে বিবাদীদের দুজনকে ব্যক্তিগতভাবে চেনেন বলে আদালত আবেদন ফেরত দেন। বিকেল পৌনে চারটার দিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করেন রোকনউদ্দিন মাহমুদ। বিসিবির পক্ষে আইনজীবী রফিক-উল হক, আহসানুল করিম ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ছাড়াও রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। সোয়া চারটার দিকে আদালত আবেদনটি উত্থাপন করা হয়নি বিবেচনায় খারিজ করার কথা জানান।এর আগে গতকাল চিটাগং কিংস ও এসকিউ স্পোর্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সামীর কাদের চৌধুরী বাদী হয়ে মামলা করেন। মামলায় বিপিএলের প্রথম সেমিফাইনাল খেলাটি অবৈধ ও বেআইনি ঘোষণার আরজি জানানো হয়। ঢাকার প্রথম সহকারী জজ শওকত হোসাইন মামলার রক্ষনীয়তা শুনানি শেষে বিবাদীদের প্রতি সমন জারির আদেশ দেন। একই সঙ্গে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন সরাসরি খারিজ করে দেন। আগামী ১৫ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। আদালত আদেশে উল্লেখ করেন, মামলায় বাদী জয়লাভ করলে পুনরায় ফাইনাল খেলা সম্ভব নয় বিধায় সামগ্রিক বিবেচনায় ফাইনাল খেলা স্থগিত চেয়ে করা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করা হলো।মামলার আরজিতে বলা হয়, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দলের মধ্যে দুরন্ত রাজশাহী ও খুলনা রয়েল বেঙ্গলস পয়েন্টে এগিয়ে থেকে সেমিফাইনালে ওঠে। ঢাকা গ্ল্যাডিয়েটরস, বরিশাল বার্নার্স ও চিটাগং কিংস সমান ১০ পয়েন্ট করে পায়। আইনজীবী লিটন রায় চৌধুরী বলেন, টুর্নামেন্টের নিয়মানুযায়ী যে দুটি দল সবচেয়ে বেশি খেলায় জয়ী হবে, তারাই সেমিফাইনাল খেলবে। এ অবস্থায় টুর্নামেন্টের বিধি মোতাবেক ঢাকা গ্ল্যাডিয়েটরস ও চিটাগং কিংসের সেমিফাইনালে খেলার কথা ছিল। সে অনুযায়ী ঢাকা গ্ল্যাডিয়েটরসকে তৃতীয় ও চিটাগং কিংসকে চতুর্থ ঘোষণা করে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। কিন্তু বিবাদীরা পরস্পর যোগসাজশে বরিশাল বার্নার্সকে চতুর্থ সেমিফাইনালিস্ট হিসেবে ঘোষণা করে। এ কারণে বিপিএলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এ মামলা করা হয়।